সংবাদ সংক্ষেপ

গাজীপুর শ্রমিক দলের পরিচিতি সভা গাজীপুর প্রতিনিধি \ জাতীয়তাবাদী শ্রমিকদল গাজীপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। শহরের ন্যাশন কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সরকার, মোসলেহউদ্দিন মৃধা, মো. সাইজউদ্দিন নজরুল ইসলাম, কলিম লস্কর, আবুল কালাম আজাদ, কিরণ মিয়া, রফিকুল ইসলাম প্রধান প্রমুখ। নরসিংদীর শিবপুর বাজারে অগ্নিকাণ্ড নরসিংদী প্রতিনিধি \ শুক্রবার গভীর রাতে শিবপুর উপজেলার শিবপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। বাজারের মতিন মাস্টারের রঙের দোকানে হঠাত্ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং নিমিষেই আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ঈশ্বরগঞ্জে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার ময়মনসিংহ জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়াকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান, ওসি মো. কামরুল ইসলাম, আবুল কালাম আজাদ, চেয়ারম্যান সমিতির সভাপতি হারিছউদ্দিন আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান। নারায়ণগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু নারায়ণগঞ্জ প্রতিনিধি \ নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ফুটবল খেলার সময়ে বজ্রপাতে পোশাক কারখানার ২ শ্রমিকের মৃত্যু ও একজন আহত হয়েছে। শনিবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো: খানপুরে অবস্থিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের বাগানের মৃত রমজান মিয়ার ছেলে রনি (১৭), একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে নয়ন (২১)। আহতের নাম মাসুম। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাতকানিয়ায় ক্রিকেট প্রশিক্ষণ কোর্স উদ্বোধন সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ২১ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ কোর্স শনিবার উদ্বোধন করা হয়। ক্রিকেট প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক। মঠবাড়িয়ায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা মঠবাড়িয়া সংবাদদাতা \ পিরোজপুরের মঠবাড়িয়ার ৭১ নম্বর পশ্চিম শিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের অংশগ্রহণে শনিবার আমার স্বপ্নে গ্রাম নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)-এর উদ্যোগে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক মো. মোতালেব হোসেন তালুকদার, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস চৌকিদার, বিদ্যালয় প্রধান শিক্ষিকা অঞ্জলি রানী হালদার, বারসিকের কর্মকর্তা মো. মেহেদী হাসান প্রমুখ। নবীনগরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী অপহূত নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা \ নবীনগর উপজেলার ছলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী অপহূত হয়েছে। শুক্রবার রাতে অপহূতার পিতা ৭ জনকে আসামি করে নবীনগর থানায় একটি অপহরণ মামলা করেন । চাঁপাইনবাবগঞ্জে অনুদান পেলেন ১৪০ জন মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ শনিবার জেলার ৫ উপজেলার ১৪০ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ১ হাজার টাকা হারে ১ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেছে। এ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম রাব্বানীসহ বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডারবৃন্দ। মেহেরপুরে পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মেহেরপুর প্রতিনিধি\ শনিবার বিকালে মেহেরপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। মেহেরপুর পুলিশ লাইনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু। নেত্রকোনায় গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালন নেত্রকোনা প্রতিনিধি \ মানসম্মত শিক্ষার জন্য ‘প্রতিটি শিশুর জন্য চাই একজন শিক্ষক’ প্রতিপাদ্যবিষয় নিয়ে নেত্রকোনায় গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালন করা হয়েছে। নেত্রকোনার বেসরকারি সংগঠন ‘সেরা’র উদ্যোগে এবং গণসাক্ষরতা অভিযানের সহায়তায় শনিবার বিকালে সার্কিট হাউজ মিলনায়তনে মানসম্মত শিক্ষা এবং ‘প্রতিটি শিশুর জন্য চাই একজন শিক্ষক’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেরার নির্বাহী পরিচালক এসএম মজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিস মাহমুদ। গৌরীপুরে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ লোকমান হোসেন মিয়ার বিদায় সংবর্ধনা উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শায়লা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহাম্মদ খান, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার। লক্ষ্মীপুরের ভাইস-চেয়ারম্যানের গাড়ি লক্ষ্য করে গুলি লক্ষ্মীপুর প্রতিনিধি \ লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহিউদ্দিন বকুলকে হত্যার উদ্দেশ্যে শনিবার রাতে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। গুলিতে তার ব্যবহূত গাড়ি ব্যাপক ক্ষতি সাধিত হয়। এ ঘটনায় রবিবার দুপুরে সদর থানায় মহিউদ্দিন বকুল একটি সাধারণ ডায়রী দায়ের করেন। রামগতিতে টি টুয়েন্টি ক্রিকেট লীগ উদ্বোধন রামগতি সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় টি টুয়েন্টি ক্রিকেট লীগ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আ স ম হাসান আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল খায়ের মানিক। টুর্নামেন্টে আটটি দল অংশ গ্রহণ করছে। পঞ্চগড়ে প্রতিবন্ধিতা শনাক্তকরণ বিষয়ক কর্মশালা পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার পঞ্চগড় আরডিআরএস হলরুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.তোফাজ্জল হোসেন মিয়া। এসময় সিভিল সার্জন ডা. মোজ্জাম্মেল হক, আরডিআরএস-এর কর্মসূচি সমন্বয়নকারী জেবা আফরোজা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো.শহীদুল হক প্রমুখ বক্তব্য রাখেন। রংপুরে কৃষি শ্রমিকদের মিলন মেলা রংপুর প্রতিনিধি \ নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার রংপুরে কৃষি শ্রমিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর উত্তম ইউনিয়নের মনোহর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ওই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনার কলি। মধুখালীতে ছাত্রদল নেতার সংবর্ধনা মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে মধুখালীর কৃতীসন্তান জয়দেব রায় জয়কে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করায় মধুখালী ছাত্রদল ও যুবদল সংবর্ধনা প্রদান করে শনিবার। বিকালে মাঝকান্দি থেকে প্রায় ২২০ মোটরসাইকেল শোভাযাত্রা শেষে মধুখালী পৌরসভা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান মুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় বিজিবি কর্মকর্তা নিহত চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ চৌদ্দগ্রামে গতকাল রবিবার সকালে ট্রাক্টর চাপায় আবদুল জব্বার (৪৯) নামের বিজিবির এক নায়েব সুবেদার নিহত ও অপর একজন আহত হয়েছে। জব্বার আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ ও ময়মনসিংহের কোতয়ালী থানার কিসমত গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। আশংকাজনক অবস্থায় আহসান হাবিবকে কুমিল্লা ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। শেরপুরে রবি নিয়োগীর জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন শেরপুর প্রতিনিধি \ ব্রিটিশ-বিরোধী আন্দোলনের সিংহপুরুষ,অগ্নিযুগের বিপ্লবী, মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মহান নেতা বিপ্লবী রবি নিয়োগীর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুরে এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বিপ্লবী রবি নিয়োগীর জন্মবার্ষিকীতে নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে এক আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাহালুতে বজ্রপাতে মহিলার মৃত্যু কাহালু (বগুড়া) সংবাদদাতা \ শনিবার সন্ধ্যায় বজ্রপাতে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের আখেরশাল গ্রামের এক প্রবাসীর স্ত্রী নার্গিস(৪০) বজ্রপাতে মারা গেছে। ৩ সন্তানের জননী নার্গিস আখেরশাল গ্রামের আবু তালেবের স্ত্রী। আবু তালেব বর্তমানে সৌদি আরবে চাকরিরত বলে জানা যায়। কটিয়াদীতে ব্র্যাকের মত বিনিময় সভা কটিয়াদী(কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রোববার ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে ইউনিয়ন পরিষদের বাজেট ও উন্নয়ন পরিকল্পনা শীর্ষক বিষয়ের উপর ইউপি চেয়ারম্যান আবু হানিফার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেয় ব্র্যাকের জেলা ব্যবস্থাপক গৌতম চক্রবর্তী, ব্র্যাক কর্মী আমেনা খাতুন, ব্র্যাক ক্ষমতায়নের উপজেলা ফোরামের সভানেত্রী আফসানা বাবলী, সিটিজেন কমিটির আহবায়ক নওরীন সুলতানা প্রমুখ। ফতুল্লায় কংকাল উদ্ধার নারায়ণগঞ্জ প্রতিনিধি \ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মানুষের একটি কংকাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ফতুল্লার দেওভোগ নাগবাড়ী এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশের ঝোপ থেকে পুলিশ কংকালটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বরুড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন কুমিল্লা প্রতিনিধি \ বরুড়ায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সমিতির তহবিল থেকে ৬৬ জন অবসরপ্রাপ্ত ও মৃত শিক্ষকদের জনপ্রতি ৩ হাজার টাকা অনুদান তুলে দেন প্রধান অতিথি। সমিতির উপজেলা সভাপতি মো. আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি নাছিমুল আলম চৌধুরী। ফেনীতে বায়রা লাইফ ইনসিওরেন্সের অফিস উদ্বোধন পরশুরাম সংবাদদাতা \ ফেনী শহরের এসএসকে সড়কে শনিবার বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের জোনাল সার্ভিস অফিস উদ্বোধন, গ্রাহকদের মৃত্যু বীমা পরিশোধ ও গ্রাহক সমাবেশ হয়। প্রধান অতিথি হিসেবে বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের জোনাল সার্ভিস অফিস উদ্বোধন ও গ্রাহকদের মৃত্যুবীমা পরিশোধ করেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক, রাজনীতিবিদ ও বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার।