আ ন্ত র্জা তি ক টু কি টা কি

ইলেকট্রিক বক্ষবন্ধনী

ভারতে ধর্ষণের মতো সামাজিক সমস্যাগুলো নিয়ে সরকার চিন্তিত। ধর্ষণসহ নারী নির্যাতন প্রতিরোধে গেল বাজেটে বেশ বড় অংকের অর্থ বরাদ্দ দিয়েছেন ভারতীয় অর্থমন্ত্রী। কিন্তু এর উপরও ভরসা করতে পারছেন না সেদেশের নারী সমাজ। বিশেষ করে ধর্ষকদের হাত থেকে রেহাই পেতে একটি উপায়ও বের করে ফেলেছেন তারা। চেন্নাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী নারীদের জন্য এমন ধরনের বক্ষবন্ধনী তৈরি করেছেন যা পরিধান করে নারীরা নিজেই ধর্ষকের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারেন। গতবছরের ডিসেম্বর মাসে দিল্লীর বাসে একজন ছাত্রী ধর্ষিত হবার পর ওই ছাত্রীরা বিশেষ এ বক্ষবন্ধনী তৈরির দিকে নজর দেন। তারা এমন বক্ষবন্ধনী তৈরি করেছেন যা মুহূর্তেই তিন হাজার আটশ’ কেভি ভোল্টের ইলেকট্রিক শক দিতে সক্ষম। এ পরিমাণ শক ধর্ষকের হাত পুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখবে। এসআরএম বিশ্ববিদ্যালয়ের দু’জন ছাত্রী নীলাদ্রি বাসু বাল এবং রিমপি ত্রিপাঠি নামের দু’জন ছাত্রী এ ধরনের বক্ষবন্ধনীর সফল কারিগর। তারা জানান, দুই স্তরের কাপড়ের মধ্যে ডিভাইসগুলো আটকে দেয়া হবে। একজন নারী যদি বিপদে পড়েন তাহলে ডিভাইসে হাত লাগলেই ইলেকট্রিক লাইন চালু হয়ে যাবে। এছাড়া কেউ যদি বিশেষ জায়গায় অনিরাপদ মনে করেন তিনি নিজে চাইলে ডিভাইসটি চালু করে দিতে পারেন। তবে ডিভাইসটি একটু বড় হওয়ায় নারীরা এক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। আর এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন মানিসা মোহন নামে একজন ডিজাইনার। তিনি জানান, ছোট ইলেকট্রিক ডিভাইসটি মোবাইল ফোনের ব্লু-টুথের সাথে মিলিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। — সাইদুল ইসলাম