কটিয়াদীতে তিনতলা ভবনে ফাটল, ২৪ ঘণ্টার মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ
কটিয়াদী (কিশোরগঞ্জ)সংবাদদাতা
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৩, ২২:১৬
কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে একটি অপরিকল্পিতভাবে নির্মিত তিনতলা ভবনে ফাটল দেখা দিয়েছে। এ সংবাদ ছড়িয়ে পড়লে রবিবার উত্সুক জনতা বিল্ডিং-এর সামনে দেখার জন্য ভিড় করে। স্থানীয় প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে ভবন মালিককে তা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।
জানা যায়, কটিয়াদী বাজারের গিয়াসউদ্দিন মাস্টার দীর্ঘ ১৮ বছর পূর্বে অপরিকল্পিতভাবে একটি তিনতলা বিল্ডিং নির্মাণ করেন। বিল্ডিং হেলে পড়েছে, সামনের অংশে ফাটল দেখা যায়, যে কোন সময় ধসে যেতে পারে এমন সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ গুল নিঝুম, উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর, পৌর মেয়র মো: তোফাজ্জল হোসেন খান ঘটনাস্থলে ছুটে যান।
বিল্ডিং মালিক মো: গিয়াসউদ্দিনকে অনুমোদিত প্ল্যান আছে কি না জিজ্ঞাসা করলে তিনি স্থানীয় রাজমিস্ত্রির সহায়তায় এ ভবন নির্মাণ করেছেন বলে জানান। জনস্বার্থে বিল্ডিং ভাঙ্গার আদেশ দিলে গিয়াসউদ্দিন কাল থেকেই নিজ দায়িত্বে তা ভেঙ্গে ফেলার অঙ্গীকার করেন। নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র বিল্ডিং অপসারণ না হওয়া পর্যন্ত আশপাশের দোকান বন্ধ ও মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেন।