১৩ দফা না মানলে ঢাকা অবরোধেই সরকার পতন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৩, ২৩:০৪
হেফাজতে ইসলাম সরকারকে হুঁশিয়ার করে বলেছে, ১৩ দফা দাবি মেনে না নিলে ৫ মে ঢাকা অবরোধের মাধ্যমেই সরকারের পতন ঘন্টা বাজানো হবে। গতকাল রবিবার নরসিংদী ও দিনাজপুরে অনুষ্ঠিত সংগঠনটির মহাসমাবেশ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এছাড়া রাজশাহীতে আজ সোমবার এবং বগুড়া ও টাঙ্গাইলে আগামীকাল মঙ্গলবার মহাসমাবেশ করবে সংগঠনটি।
নরসিংদী প্রতিনিধি জানান, ঢাকা মহানগরীর আহবায়ক প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা নূর হোসেন কাশেমী বলেছেন, মদিনা সনদ অনুযায়ী দেশ চালানোর কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জনতাকে ধোঁকা দিতে চাচ্ছেন। ক্ষমতায় এসেই সরকার সংবিধান থেকে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা তুলে দিয়ে ইসলামের সাথে বেইমানী করেছেন। তিনি বলেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা আহম্মদ শফি ঘোষিত ১৩ দফা দাবি এদেশের গণমানুষের দাবি। ১৩ দফা দাবি মেনে না নিলে ৫ মে ঢাকা অবরোধের মাধ্যমে সরকারের পতন ঘন্টা বাজানো হবে।
তিনি গতকাল রবিবার বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে হেফাজতে ইসলাম নরসিংদী জেলা শাখা আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সদস্য সচিব জুনায়েদ আল-হাবিব। মাওলানা শওকত হোসাইন সরকার সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, হেফাজতে ইসলাম আল্লাহর দল। কুরআন ও সুন্নাহর আদর্শে চলে হেফাজতে ইসলাম। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের সংগ্রাম। সমাবেশে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি করা হয়।
দিনাজপুর প্রতিনিধি জানান, গতকাল রোববার হেফাজতে ইসলাম দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় লোকভবন চত্বরে রংপুর বিভাগীয় শানে রেসালাত মহাসম্মেলনে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম অন্য কারো নয়, কেবল ইসলামের পক্ষে। তৌহিদী জনতা আল্লাহ, রাসূল (সাঃ) ও ইসলামের শত্রুদের সাথে কোন ধরনের আপোষ করবে না। জেলা শাখার আহ্বায়ক মতিউর রহমান কাশেমীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির অন্যতম সদস্য উবায়দুল্লাহ ফারুক। বক্তারা বলেন, আগামী ৫ মে ঢাকা অবরোধের মাধ্যমে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে চলমান আন্দোলনের ধারাকে আরো বেগবান করে হেফাজতের আমীর আহমেদ শাহ শফি’র নির্দেশ অনুযায়ী পরবর্তী কর্মসূচিতে দেশের তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধ করা হবে। কিছুদিন আগে সরকারের এক মন্ত্রী বলেছেন যে, ধাক্কাধাক্কি করে সাভারের রানা প্লাজা ভেঙ্গে ফেলা হয়েছে। তৌহিদী জনতা ধাক্কা মারলে এই সরকারেরও পতন কেউই ঠেকাতে পারবে না। হেফাজতে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ভোটের জন্য আন্দোলনে নামেনি। তাই ১৩ দফা দাবি মেনে নিন, নতুবা ক্ষমতা থেকে বিদায় নিন।
রাজশাহী অফিস জানায়, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সংগঠনটি রাজশাহীতে মহাসমাবেশ করবে। সকাল ১০টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের রাজশাহী শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুস সালামের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।
বগুড়া প্রতিনিধি জানান, ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মাসব্যাপী কর্মসূচির শেষ দিনে আগামীকাল মঙ্গলবার বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শানে রেসালত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি সম্মেলনে প্রধান অতিথি থাকবেন। গতকাল রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয়। সম্মেলনে ৫ লক্ষাধিক তৌহিদী জনতার সমাবেশ ঘটানোর প্রস্তুতি নিয়েছে হেফাজতে ইসলাম।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, আগামীকাল মঙ্গলবার টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহে শানে রেসালাত (সা.) মহাসম্মেলনের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা। গতকাল রবিবার দুপুরে ধুলেরচর মাদ্রাসায় এক সাংবাদিক সম্মেলনে তারা এই কর্মসূচির বিভিন্ন দিক অবহিত করেন সাংবাদিকদের। সংগঠনের জেলার শাখার সদস্য সচিব মুফতি আব্দুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। সাংবাদিক সম্মেলনে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির ব্যাখ্যা উপস্থাপন করা হয়।