বারিধারায় কানাডীয় দাতা সংস্থা সিডা অফিসে দুর্ধর্ষ চুরি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৩, ২৩:০৫
রাজধানীর বারিধারায় কূটনৈতিক এলাকায় অবস্থিত দাতা সংস্থা কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপ-মেন্ট এজেন্সির (সিডা) কার্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে ঐ অফিস থেকে নগদ ১৪ হাজার টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল চুরি হয়। চুরির সময় চোর তিন তলা ভবনের প্রতিটি ফ্লোরের জিনিসপত্র তছনছ করে। এ ঘটনায় সিডার ফ্যাসিলিটিজ কো-অডিনেটর খন্দকার মঞ্জুরুল আলম বাদি হয়ে গুলশান থানায় একটি চুরির মামলা করেছেন।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, বারিধারার কে ব্লকের ৩ নম্বর রোডের ১৯ নম্বর প্লটে একটি তিন তলা ভবনে সিডার অফিস। শনিবার রাত ১১ টার দিকে ঐ প্রতিষ্ঠানের ভিতরে দুই চোরকে দেখে ফেলেন দুইজন নৈশ প্রহরী। পরে ঐ দুই চোর নৈশ প্রহরীদের হাত-পা বেঁধে ফেলে। তারা প্রতিষ্ঠানের প্রতিটি ফ্লোরে অবস্থিত অফিস কক্ষের জিনিসপত্র তছনছ করে। তারা অফিস থেকে ১৪ হাজার টাকা, একটি ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে। সকালে প্রতিষ্ঠানটি খোলার পর কর্মকর্তারা এই চুরির বিষয়টি জানতে পারে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গুলশান থানার ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে চোর আগে থেকেই ঐ প্রতিষ্ঠানে ঢুকে আত্মগোপন করেছিল। পরে অফিসের সব কর্মকর্তা-কর্মচারী চলে যাওয়ার পর তারা চুরি করে। ঘটনাটি তদন্ত শুরু করেছে।
পুলিশের চ্যানচারি বিভাগের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, বিষয়টি রহস্যজনক। কারণ দুইজন চোরের পক্ষে দুইজন নৈশ প্রহরীর হাত-পা বাঁধার কাজটি সহজ নয়। ঐ দুই নৈশ প্রহরীর বক্তব্য অনুযায়ী অফিসের দোতলার পিছনের গেট দিয়ে তাদের অগোচরে চোর পালিয়ে গেছে। আমরা প্রাথমিকভাবে বিষয়টি চুরি হিসাবে ধরে নিয়ে তদন্ত করছি।