আসন্ন মুজিব বর্ষ উদযাপনের প্রস্তুতি হিসেবে বছরব্যাপী তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরণের টুর্নামেন্ট অথবা প্রতিযোগিতার আয়োজন করার সুপারিশ করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায়। বুধবার কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম সভায় অংশগ্রহণ করেন। সভায় নির্বাচনী ইশতেহার অনুযায়ী ভিশন-২০২১, ভিশন-২০৪১ বাস্তবায়নের উদ্দেশ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুবকদের জন্য ১৫টি এবং ক্রীড়া বিষয়ক ৩টি প্রকল্প গ্রহণ করা হয় বলে মন্ত্রণালয় থেকে কমিটিকে অবহিত করা হয়।
আরও পড়ুন: ভোলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা
এছাড়া কমিটি বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি