শ্রমিকদের জোর করে ডেকে আনায় এত বড় ট্র্যাজেডি :অর্থমন্ত্রী
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৩, ২৩:০৬
সাভারের রানা প্লাজায় গার্মেন্টস শ্রমিকদের জোরপূর্বক ডেকে আনার ফলে এত বড় ট্র্যাজেডির জন্ম হয়েছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এটাকে দুর্ঘটনা না বলে হত্যাকাণ্ড বলা উচিত। ভবনে ফাটল ধরার পরও শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ডেকে আনা হয়েছে। এটা অন্যায়। গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, পোশাক শিল্পের ক্ষতি হলে দেশের ক্ষতি হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এ খাতের কারখানায় স্থাপনা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যালোচনা করা দরকার। এজন্য একটি জরিপ পরিচালনা করা প্রয়োজন। শুধু বিজিএমইএ ও বিকেএমইএর উপর নির্ভর না করে সরকারেরও তাতে অংশ নেয়া উচিত বলে মনে করেন তিনি। সাভারে ভবন ধসে হতাহতদের ‘বীভত্স’ ছবি গণমাধ্যমে প্রকাশ না করতেও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। বিভিন্ন সময় পোশাক কারখানায় সংঘটিত দুর্ঘটনার জন্য দায়ীদের বিচার না হওয়াতেই এ ধরনের ঘটনা বার বার ঘটছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্যা। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে দুর্বৃত্ত উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের একটা দোষ আছে, কিছু হলেই পলিটিক্যাল কালার, পলিটিক্যাল ইনভলভমেন্ট খুঁজতে শুরু করেন।’
পদ্মা সেতু প্রকল্প নিয়ে অর্থমন্ত্রী বলেন, অপরিবর্তিত নকশায় ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমেই পদ্মা সেতু নির্মাণ করা হবে। এজন্য আগামী মাসের প্রথম সপ্তাহে দরপত্র আহবান করা হবে। তবে চীন, মালয়েশিয়া ও রাশিয়া পদ্মা সেতু নির্মাণের জন্য যে পৃথক পৃথক প্রস্তাব দিয়েছে তাতে আন্তর্জাতিক টেন্ডারের কথা বলা নেই। এজন্য এর কোনটাই গ্রহণ করা যাচ্ছে বলে জানান তিনি। পদ্মা সেতু প্রকল্পে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি)-এর ফিরে আসার বিষয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, এক্ষেত্রে আগের চুক্তি বাতিল করে আবার তাদের সঙ্গে নতুন চুক্তি করতে হবে।