হরতাল-সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করবে বিএনপি

আগামী ৪ মে ১৮ দলীয় জোটের উদ্যোগে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমাবেশকে সফল করতে গতকাল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক সাদেক হোসেন খোকা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব শামসুজ্জামান দুদু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপি’র সদস্য সচিব আবদুস সালাম, বিএনপি’র সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, কৃষক দলের সহ-দফতর সম্পাদক এস কে সাদী, ঢাকা মহানগর বিএনপি নেতা মনিরুল ইসলাম খান ও যুবদল নেতা ইকবাল হোসেন প্রমুখ। আগামী ৩০ এপ্রিল কালো পতাকা মিছিল, ২ মে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল এবং ৪ মে ঢাকায় সমাবেশ সফল করতে আজ সোমবার সকাল ১১ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় দলের যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে, রানা প্ল¬াজা ধসে নিহতদের স্মরণে ১৮ দলীয় জোটের উদ্যোগে ৩০ এপ্রিল দেশব্যাপী শোক র্যালী অনুষ্ঠিত হবে।