রানা প্লাজায় নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি

সাভারের বহুতল ভবন রানা প্লাজা ধসের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তিসহ নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিত্সার ব্যবস্থা দেয়ার দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশে এ দাবি করেন তারা। গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ ,গার্েমন্টস শ্রমিক ঐক্য ফোরাম যৌথভাবে এই শ্রমিক সমাবেশের আয়োজন করে। সমাবেশে কমরেড মনজুরুল আহসান খান বলেন, অতি মুনাফালোভী গার্মেন্টস মালিকদের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে একের পর এক গার্মেন্টসে ভবন ধস-অগ্নিকাণ্ডের মতো মারাত্মক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এসব ঘটনায় শত শত শ্রমিককে অকালে জীবন দিতে হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে জীবনের ঝুঁকি নিয়ে কারখানায় যেতে ভয় পাচ্ছে। অপরদিকে সারা দুনিয়ার মানবতাবাদী মানুষেরা শ্রমিকের রক্তমাখা পোশাক ব্যবহার বর্জন করার ঘোষণা দিয়েছে। ফলশ্রুতিতে দেশের ৫০ লক্ষ গার্মেন্টস শ্রমিকের জীবন, গার্মেন্টস শিল্প ও জাতীয় অর্থনীতি হুমকির মুখে পড়েছে। তিনি আরও বলেন, সরকার খুনী মালিকদের প্রশ্রয় দিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই শ্রমিক-কর্মচারীদেরকে ঐক্যবদ্ধভাবে আদর্শবাদী ট্রেড ইউনিয়ন আন্দোলন ও শ্রমিক শ্রেণির রাজত্ব কায়েম করার আহ্বান জানান তিনি। মানববন্ধনে বক্তারা ৯ দফা দাবি করে আরো বলেন, সাভারের মতো এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এ জন্য রাজধানীতে ঝুঁকিপূর্ণ সব স্থাপনা বুয়েটের বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করতে হবে। ঝুঁকিপূর্ণ সব ভবন পরিত্যক্ত ঘোষণার পাশাপাশি বিল্ডিং কোড বহির্ভূত কোনো ভবন যাতে নির্মাণ না করা হয় সে বিষয়ে সরকারকে আরো দায়িত্বশীল হতে হবে। ‘বাংলাদেশ নাগরিক সমাজ’র সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট মন্টু ঘোষ, শ্রমিক নেতা মোশরেফা মিশু, জলি তালুকদার, সংগঠনের সাধারণ সম্পাদক এবিএম ওসমান গনী, সমাজকল্যাণ সম্পাদক খন্দকার নাজির আহমদ প্রমুখ। তাজরিন অগ্নিদুর্ঘটনায় আহত শ্রমিকদের পুনর্বাসনের দাবি এদিকে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স মেমোরিয়াল দিবস উপলক্ষে তাজরিন অগ্নিদুর্ঘটনায় আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি করেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরিন অগ্নিদুর্ঘটনায় আহত শ্রমিক নেটওয়ার্কের উদ্যোগে বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি, হেল্থ এন্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (ওশি) এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে তাজরিন অগ্নিদুর্ঘটনায় আহত বেশ কয়েকজন শ্রমিক সরাসরি অংশগ্রহণ করেন। তারা উপযুক্ত ক্ষতিপূরণ পেতে সরকার ও বিদেশি পোশাক ক্রেতাদের নিকট জোর দাবি জানান।