সিলেট জেলায় সকাল সন্ধ্যা হরতাল আজ

বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান, কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আজ সোমবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ও মহানগর বিএনপি। তবে আগামীকাল মঙ্গলবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। সোমবারের হরতালের সমর্থনে গতকাল নগরীতে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানায় সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফফার। দিলদার হোসেন সেলিম বলেন, সোমবার হরতালে এইচএসসি পরীক্ষা, জরুরি ওষুধ সরবরাহের গাড়ি এবং দরগাহের মোতাওয়াল্লীর জানাজায় আগত মুসল্লিগণ হরতালের আওতামুক্ত থাকবেন।