পাঁচ সিটি নির্বাচনের তফসিল আজ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৩, ২৩:০৮
আগামী জুনে নবগঠিত গাজীপুরসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সংশ্লিষ্ট পাঁচ করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা সংক্রান্ত কার্যপত্র প্রস্তুত করেছে। আজ কমিশন সভায় ওই কার্যপত্রের উপর আলোচনা শেষে তফসিল ঘোষণা করা হবে বলে ইসির দায়িত্বশীল সূত্র ইত্তেফাককে নিশ্চিত করেছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ইত্তেফাককে বলেন, নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি কমিশনের রয়েছে। জুলাই মাসে রমজান শুরু হবে। তাই জুনের মধ্যেই পাঁচ সিটির নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। আজকের (সোমবার) বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, ‘সোমবারের কমিশনের সভার আলোচ্য সূচিতে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়টি আছে। এজন্য কার্যপত্র প্রস্তুত করা হয়েছে। নির্বাচনের তফসিল নির্ধারণ হবে কমিশন সভায়। কবে তফসিল ঘোষণা করা হবে— সে বিষয়ে কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ১৭ সেপ্টেম্বরের মধ্যে রাজশাহী ও সিলেট, ২৭ সেপ্টেম্বরের মধ্যে খুলনা, ৭ অক্টোবরের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন করতে হবে। এছাড়া নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনও ১৫ জুলাই এর মধ্যে সম্পন্ন করতে হবে। সচিবালয় থেকে কমিশন সভায় উত্থাপনের জন্য কার্যপত্রে তারিখ প্রস্তাব করা না হলেও ১৬ জুন রবিবার অথবা ২৪ জুন সোমবার নির্বাচনের তারিখ নির্ধারণ হতে পারে। কারণ এইচএসসি পরীক্ষা শেষ হবে ১৪ জুন। আবার জুলাই মাসেই রমজান শুরু হচ্ছে। এরপর রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। এছাড়া সরকারের নীতি নির্ধারকরাও জুনে সিটি করপোরেশন নির্বাচন করতে আগ্রহী।
অন্যদিকে, আদালতের নিষেধাজ্ঞা উঠলেই ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করবে কমিশন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে দায়েরকৃত রীট পিটিশন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে ইসি। কমিশন আশা করছে আগামী মাসের মধ্যেই ঢাকার দুই সিটি নিয়ে উদ্ভূত রীট পিটিশনের নিষ্পত্তি হবে।