পাকিস্তানে বাড়ছে তালেবান হামলা, লক্ষ্য নির্বাচনী প্রার্থী

পাকিস্তানে নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহের মত বাকি। কিন্তু এরই মধ্যে তালেবানের সহিংসতা যেন দিন দিন ভয়ংকর রূপ নিচ্ছে। সহিংস ঘটনাগুলো নির্বাচন প্রচারণায় বিঘ্ন সৃষ্টি করছে। ১১ মে দেশটিতে যুগান্তকারী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এএফপির হিসাব অনুযায়ী, ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত বিস্ফোরণ ও আত্মঘাতী হামলায় দেশটিতে অর্ধশতাধিক লোক নিহত হয়েছে। গত তিনদিনে সহিংস ঘটনায় ২০ জনের বেশি লোক নিহত হয়েছে। নির্বাচনকে নস্যাত্ করতে তাদের হামলার লক্ষ্য এখন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। গত রবিবারই কোহাট ও পেশোয়ারে দুই প্রার্থীর কার্যালয়ের বাইরে এবং শোয়াবে এক প্রার্থীর গাড়িবহরে হামলা চালায় তালেবান জঙ্গিরা। এ ঘটনায় ১১ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ই-মেইলের মাধ্যমে এই হামলাগুলোসহ করাচিতে সাম্প্রতিক সময়ের হামলাগুলোর দায়িত্ব স্বীকার করেছে। তাদের মুখপাত্র এহসানুল্লাহ এহসান বলেন, ‘যারা ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সরকার গঠন করবে আমরা তাদের বিপক্ষে।’ এদিকে স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে বেলুচিস্তানের স্পর্শকাতর ১১টি জেলায় আগামী ১ মে থেকে ২১,০০০ সেনা মোতায়েন করার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নির্বাচন প্রার্থীদের কার্যালয় লক্ষ্য করে তালেবান জঙ্গিদের চালানো দুটি বোমা হামলায় অন্ততপক্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন।