প্রশান্ত মহাসাগরে পেরুর বেলুন বিধ্বস্ত নিখোঁজ ২
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২১:০৮
পেরুর যাত্রীবাহী একটি বেলুন প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়ে ২ জন নিখোঁজ হয়েছেন। বেলুনটির বাস্কেটে থাকা ৫ নারীকে উদ্ধার করা হলেও এর পাইলট ও অপর এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক খবরে জানানো হয়েছে। —খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী উইলফ্রেডো পেডরাজা বেলুনটির স্বত্বাধিকারী গ্লোবোস পেরুর এসএসির সমালোচনা করে বলেন, বেলুনের কোনো আরোহীই লাইফ জ্যাকেট পরিধান করেনি। পেরুর নৌবাহিনী, বিমানবাহিনী এবং পুলিশবাহিনীর সদস্যরা নিখোঁজদের খোঁজে তত্পরতা চালাচ্ছেন বলে জানা গেছে। স্বেচ্ছাসেবীরাও নিজেদের নৌযান নিয়ে উদ্ধার তত্পরতায় যোগ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।