মহাদেবপুরে দেশীয় মাছের আকাল

এক সময়ের মত্স্যভাণ্ডার হিসাবে পরিচিত মহাদেবপুরে চলছে দেশীয় মাছের আকাল। এ উপজেলার হাট-বাজারে আগের মত দেখা মিলে না সুস্বাদু দেশীয় মাছের। দেশীয় মাছের অভয়ারণ্য নদী-নালা, খাল-বিল, পুকুর ও জলাশয় শুকিয়ে পানিশূন্য হওয়ায় দিন দিন হারিয়ে যেতে বসেছে মাগুর, কৈ, টাকি, পুঁটি, পবা, মলা, শিং, টেংরা, ফলি, ফালা গুচি, শইল, বোয়াল, গজারসহ বিভিন্ন প্রকার দেশীয় মাছ। মত্স্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন ফসলের মৌসুমে কৃষকরা যে কীটনাশক ব্যবহার করে পরবর্তীতে তার প্রভাব পড়ে মাছের উপর। উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, খোলা জলাশয়ের দেশীয় মাছ নেই বললেই চলে। কিছু মাছ দেখা গেলেও সেগুলো বিভিন্ন মত্স্যখামারে উত্পাদিত। এসব মাছ বিক্রিও হচ্ছে চড়া দামে। মাছ বিক্রেতা আব্দুর রাজ্জাক, মোরশেদ, সুমন জানান, দেশীয় মাছের চাহিদা অনেক, কিন্তু সে তুলনায় সরবরাহ নেই।