শৈলকুপায় ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের খালের পাড় ভাঙ্গা পানিতে সৃষ্ট কৃত্রিম বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণের দাবিতে গতকাল রবিবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের যে সকল কর্মকর্তা ও কর্মচারির গাফিলতিতে খালের পাড় ভেঙ্গে ক্ষেতের ফসল প্লাবিত হয়েছে তাদের শাস্তি দাবি করেন কৃষক। চর বাখরবা, পুরান বাখরবা, গোয়ালবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্ত কয়েকশ’ কৃষক শৈলকুপা পানি উন্নয়ন বোর্ডের অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করে। তারপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, সারুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুর রহমান, স্বপন বাগচী, আমজাদ হোসেন ও ওয়াজেদ আলি। সমাবেশ শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর ক্ষতিপূরণের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। শুক্রবার রাতে উপজেলার চর বাখরবা গ্রামে জিকে প্রকল্পের প্রধান সেচ খালের পাড় ভেঙ্গে কৃত্রিম বন্যা হয়। এতে চর বাখরবা, পুরান বাখরবা, গোয়ালবাড়িয়া ও খন্দকবাড়িয়া গ্রামের প্রায় দু’হাজার বিঘা জমির পাট, তিল, বোরো ধান ও সবজি ক্ষেত প্লাবিত হয়।