দালালচক্রের কবলে জীবননগর হাসপাতাল
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৩১
ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের নিয়ন্ত্রণ করা গেলেও জীবননগর উপজেলা হাসপাতালে দালালচক্রকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সকাল হতে গভীর রাত পর্যন্ত প্রাইভেট ক্লিনিক, ডায়াগষ্টিক সেন্টার ও কিছু ফার্মেসীর নিযুক্ত দালালেরা হাসপাতালের ইমার্জেন্সি রুমের সামনে সারাক্ষণ রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকায় হাসপাতালের চিকিত্সক ও রোগীরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য হাসপাতাল থেকে দালালচক্রকে জরুরি ভিত্তিতে উত্খাতের দাবি জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুর জানান, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের চিকিত্সক ভিজিটের জন্য প্রতিদিন দু’বার নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে। তারা এখন ওই সময়ে চিকিত্সক ভিজিট করেন। ভুক্তভোগীদের অভিযোগ ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের হাসপাতালে আসা নিয়ন্ত্রণ করা গেলেও শহরের কয়েকটি প্রাইভেট ক্লিনিক, ডায়াগষ্টিক সেন্টার ও ফার্মেসী দালালরা সারাক্ষণ হাসপাতালের ইমার্জেন্সি রুমের সামনে দাঁড়িয়ে থাকে। তাদের কাজ ক্লিনিক কিংবা ডায়াগষ্টিক সেন্টারে রোগী ভাগিয়ে নেয়া। হাসপাতালে বিনাপয়সায় কিছু রোগের পরীক্ষা করা সম্ভব হলেও দালালচক্রের কবলে পড়ে অনেক নিরীহ মানুষকে ঠকতে হচ্ছে। ভুক্তভোগীমহল অবিলম্বে হাসপাতালকে দালালমুক্ত করার জন্য সংশ্লি¬ষ্টমহলের প্রতি আহ্বান জানিয়েছেন।