রাজশাহীতে হেলে পড়া বহুতল ভবন ৫ বছরেও ঝুঁকিমুক্ত হয়নি

ভূমিকম্পে পাশের ভবনের দেয়ালে হেলে পড়া রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্মকর্তার বহুতল ভবনটি বিগত ৫ বছরেও ঝুঁকিমুক্ত করা হয়নি। এছাড়া ভবনটি ঝুঁকিমুক্ত করতে রাসিকের গঠিত টেকনিক্যাল কমিটির নির্দেশও বাস্তবায়িত হয়নি। অথচ হেলে পড়া হাজি ভবন এবং পাশের রিভারভিউ ভবনটি ছাত্রাবাস হিসেবে ব্যবহূত হচ্ছে। জানা গেছে, ২০০৮ সালের ৫ জুন রাত ১০টার সময় ভূমিকম্পে সাহেববাজার কাঁচাবাজারে অবস্থিত রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার মালিকানাধীন ৬ তলা ভবনটি (হাজি ছাত্রাবাস) পাশের ভবনের (রিভারভিউ) দেয়ালে হেলে পড়ে। এ নিয়ে তোলপাড় শুরু হলে রাসিকের পক্ষ থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নিজাম উদ্দিনকে প্রধান করে একটি টেকনিক্যাল কমিটি গঠিত হয়। কমিটির আরেক সদস্য রাসিকের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার বলেন, তারা ভবনটি ঝুঁকিমুক্ত করতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করার জন্য চিঠি দিয়েছিলেন। কয়েকমাস পর মালিকপক্ষ পরামর্শক কমিটির সুপারিশসহ কিছু কাগজপত্র টেকনিক্যাল কমিটিকে দিয়ে বলেন, ভবনটি ঝুঁকিমুক্ত করা সম্ভব। এজন্য তিনি ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময় চান। কিন্তু প্রায় সাড়ে তিন বছর অতিবাহিত হলেও রহস্যজনক কারণে ভবনটি এখনো ঝুঁকিমুক্ত করা হয়নি।