বিশ্বের অনান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে 'বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট' দিবস। বুধবার দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নানা কর্মসূচি গ্রহণ করে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতরে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। সোসাইটির চেয়ারম্যান, ট্রেজারার, ব্যবস্থাপনা পর্ষদ সদস্যবৃন্দ, মহাসচিব, উপমহাসচিব, আন্তর্জাতিক ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি), পার্টনার ন্যাশনাল সোসাইটির প্রতিনিধিবৃন্দ এবং সোসাইটির সকলস্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা এ সময় উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে আলোচনা সভা, রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আনিসুল হক। এ সময় আইনমন্ত্রী বলেন, 'রেড ক্রিসেন্ট একটি ভরসার জায়গা। দুর্যোগে জনগণের বন্ধু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।'
তিনি আরও বলেন, 'আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য নিজেকে খুশি করা নয়, অন্যকে খুশি করা হচ্ছে জীবনের অন্যতম উদ্দেশ্য। ঘূর্ণিঝড় ফণী’র আঘাত থেকে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও জানমাল রক্ষায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপি’র স্বেচ্ছাসেবকরা নিরলস পরিশ্রম করেছেন।'
আরও পড়ুন: গানের মধ্য দিয়েই মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন সুবীর নন্দী: তথ্যমন্ত্রী
এই দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, আলোচনা সভা ও রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রদান, চিত্র প্রর্দশনী, শিশু কিশোর চিত্রাংকন, স্বেচ্ছায় রক্তদান ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো:আবদুল হামিদ ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।
এদিকে মানব কল্যাণে অবদানের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেনকে এবছর রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অপরদিকে বিশ্বব্যাপী রেড ক্রস আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিয়ে চলতি বছর 'বিশ্ব রেড ক্রস রেড ও ক্রিসেন্ট দিবস' এর প্রতিপাদ্য বিষয় নির্ধারন করা হয়েছে 'ভালবাসা'। বিশ্বময় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যখন যেখানেই আর্ত আর অসহায় মানুষের প্রয়োজন হয়েছে, সেখানেই রেড ক্রিসেন্ট আন্দোলনের কর্মী ও স্বেচ্ছাসেবকরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং সমগ্র বিশ্ববাসীকে ভালবাসার বন্ধনে আবদ্ধ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো: শাহ্ কামাল। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি। সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসার ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ, ইন্টারন্যাশন্যাল ফেডারেশন অফ রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটিজ’র বাংলাদেশের প্রধান মি. আজমত উল্লা, বাংলাদেশে ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস'র প্রধান মি. ইখতিয়ার আস্লানোভ প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। এছাড়াও দেশের ৬৪ জেলায় ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিট বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করে।
ইত্তেফাক/জেডএইচডি