নজরুল সম্পর্কে তথ্য পরিবেশনে সচেতন হওয়া জরুরি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৫৬
বিশেষ বিশেষ দিনে চ্যানেল আইয়ের অনুষ্ঠান ভালো লাগে। তবে মাঝে-মধ্যে উপস্থাপক বা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ভুল তথ্য পরিবেশন মনোকষ্টের কারণ হয়। এবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের খোলা চত্বরে বর্ষবরণ অনুষ্ঠানে একটি ঘোষণায় মনে খটকা লাগলো। উপস্থাপিকা বললেন— আমার চোখে উঁকি-ঝুঁকি দিচ্ছে রবির আলো। নববর্ষের নবীন রবির আলো... ইত্যাদি এবং পরেই বললেন এবার আমাদের প্রাণের কবি রবি ঠাকুরের গান নিয়ে আসছেন...। গান শুরু হলো। ‘সাজিয়াছ যোগী বলো কার লাগি’—। এ গান তো রবীন্দ্রনাথের নয়, এটা নজরুলসংগীত। বাংলা একাডেমী থেকে ১৯৯৩, ২৫মে প্রকাশিত নজরুল- রচনাবলী (প্রথম খণ্ড, বুলবুল, ৪৭ নং গান, যোগিয়া- ঝাঁপতাল, পৃঃ ৪২৪)তে রয়েছে গানখানি।
কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তার সম্বন্ধে বিকৃত তথ্য পরিবেশন না করাই কর্তব্য। কেননা নজরুল সম্বন্ধে এত বেশি ভুল-ভ্রান্তি রয়ে গেছে যে— বলা যেতে পারে নজরুলের চারপাশে আমরা তৈরি করে ফেলেছি বিভ্রান্তির বেড়াজাল, যেখান থেকে সঠিক নজরুল তথ্য উদ্ধার প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আশা করি আগামীতে সবাই সচেতন হবেন প্রিয় কবি নজরুল সম্পর্কে তথ্য পরিবেশনে।
ড. গুলশান আরা, ৫২/২/এ নাজিম উদ্দীন রোড, ঢাকা