লামায় ট্রাক চাপায় নিহত ৩

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীর আগায় ডাম্পার ট্রাকের চাপায় টমটম আরোহী তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় টমটমের আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে ডুলাহাজারা মালুমঘাটের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বিকাল ৩ টায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পাগলীর আগার ফরিদা খাতুন (৫৮), আবু তালেব (৩০) ও করুপ পাতার মো. ইব্রাহীম (১৫)। 

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, ব্রিকফিল্ড হইতে ইট পরিবহনকারী ডাম্পার ট্রাক পাগলীর আগায় সানমার রাবার বাগানের সামনে যাত্রী বাহী টমটমকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পতিত আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করেছে। 

আরও পড়ুন: নাটোরে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আটক ৪

লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/কেকে