হরতালের বিকল্প বের করুন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৫৭
দেশে আজ প্রধান সমস্যা হরতাল-অবরোধ। হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল না করায় জনগণ এক অর্থে নিজ নিজ এলাকায় বন্দি হয়ে পড়েন। হরতাল-অবরোধের কারণে বাবা-মা কিংবা নিকট আত্মীয়-স্বজনের মৃত্যু সংবাদ শুনে কেউই ঢাকা ছেড়ে দূরবর্তী স্থানে যেতে পারেন না। ফলে শেষবারের মতো প্রিয় মানুষটির মুখ দেখতে পারেন না। পারেন না জানাজা ও দাফনে অংশ নিতে। এই হরতাল-অবরোধ দেশের অর্থনৈতিক অবস্থাও ধ্বংস করে দিচ্ছে। যানবাহন ভাঙা, জ্বালিয়ে দেয়া, ককটেল মেরে মানুষ হত্যা— এরই নাম হরতাল-অবরোধ। কীইনা নৈরাজ্য ও তাণ্ডব চলে হরতাল-অবরোধে। তাই এই ধ্বংসাত্মক হরতাল-অবরোধ থেকে আমরা মুক্তি চাই। দাবি-দাওয়া আদায় বা প্রতিবাদের ভাষা অন্য হওয়া উচিত। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করছি।
লিয়াকত হোসেন খোকন,
রূপনগর, ঢাকা