যশোরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকায় সরোয়ার হোসেন দুলু (২৭) নামে এক যুবককে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। দুলু শহরের টালিখোলা এলাকার আব্দুল কাদের সরদারের ছেলে। সোমবার সকাল সোয়া ৬টার দিকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। দুলু যুবলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। হত্যায় জড়িত সন্দেহে পুলিশ চাইনিজ স্বপন ও রাজু নামে দু’জনকে গ্রেফতার করেছে। তাদের বাড়ি থেকে সাতটি বোমা ও দু’টি ধারালো দা উদ্ধার করা হয়। যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ শেখ ইত্তেফাককে জানান, দুলু তার ওইসব বন্ধুর সঙ্গে ছিনতাই করত। রবিবার টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে দুলুর বিবাদ হয়। সকাল সোয়া ছয়টার দিকে দুলু বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে চিকিত্সাধীন তার ভাইয়ের কাছে যাওয়ার সময় তাকে গুলি করা হয়। স্থানীয়রা উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে এলাকাবাসী দুলুর লাশ নিয়ে মিছিল বের করে। মিছিলকারীরা টালিখোলা এলাকায় ৪টি বাড়ি ভাংচুর করে ও একটি ভ্যাসপা আগুনে পুড়িয়ে দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।