সাভার ট্র্যাজেডি :নাগরিক ঐক্যের আলোচনা

জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

সাভারে ভয়াবহ ভবন ধসের ঘটনায় জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে নাগরিক ঐক্য। গতকাল সোমবার সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এই দাবি জানিয়ে বলেন, কেবল ভবন মালিক ও সংশ্লিষ্ট গার্মেন্টস মালিকদের গ্রেফতারই শেষ কথা নয়, এই ভবন তৈরীর শুরু থেকে শেষ পর্যন্ত কার কি দায়িত্ব ছিল- তা নিরূপণ করে সংশ্লিষ্ট সকলের বিচারের ব্যবস্থা করতে হবে। সরকার তথা রাষ্ট্রকেই এই গণহত্যার দায় নিতে হবে। নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে ‘সাভার ট্র্যাজেডি : মানবিকতা, রাজনীতি ও আইন’ শীর্ষক এই আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাইয়িদ, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন, স্থপতি মোবাশ্বের হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ড. আসিফ নজরুল, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. তাসনীম সিদ্দিকী, সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, ব্যারিষ্টার সায়মা হোসেন রীমা, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল প্রমুখ। অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘রানা গ্রেফতার হয়েছে এটা বড় কথা নয়। তাকে যদি যথাযথ বিচারের আওতায় না আনা হয় তবে দেশের মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হতে পারে।’ তিনি বলেন, ‘মানবিকতার কথা আজ এক ধরনের ধোঁকাবাজিতে পরিণত হয়েছে। আমরা রাজনীতিকরা প্রতারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছি। এটা চলতে পারে না। রাজনীতিতে এই রুগ্ন ধারার অবসান অবশ্যই ঘটাতে হবে।’ মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সাভার ট্র্যাজেডির ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। কেন এত মানুষ মরল, আর কেনই বা আড়াইশ’ কোটি টাকার সরঞ্জাম কেনা হলো না তা খতিয়ে দেখতে হবে।’ তিনি বলেন, আমরা শুনেছি রানার নামে মামলা হয়েছে অবহেলাজনিত কারণে, যার সর্বোচ্চ শাস্তি হবে ১০ বছর। অথচ তার বিরুদ্ধে কোনো হত্যা মামলা দেয়া হয়নি। রাজনীতির দুর্বৃত্তায়নের কারণে এগুলো ঘটছে বলে তিনি মন্তব্য করেন। তিনি এই ঘটনার শিকার জীবিত প্রত্যেককে ১০ লাখ টাকা এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা করে দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। দুই নেত্রী প্রসঙ্গে সাবেক আওয়ামী লীগ নেতা মান্না বলেন, ‘হয় শেখ হাসিনা মিথ্যা কথা বলেন, নইলে বেগম জিয়া মিথ্যা কথা বলেন, অথবা তারা দুইজনই মিথ্যা কথা বলেন। কারণ কোনো বিষয়েই তারা একমত পোষণ করতে পারেন না। আবার দুইজনের দুই রকম কথা তো সত্য হতে পারে না!’ এম. সাখাওয়াত হোসেন বলেন, ‘রাষ্ট্রের অব্যবস্থাপনা ও অবহেলার কারণেই এতবড় দুর্ঘটনা ঘটেছে। সুতরাং এসব মৃত্যু ও ক্ষয়ক্ষতির দায় অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে।’ ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা জানি রানা নামের এই পশুকে এক হাজারবার ফাঁসি দিলেও তার যথাযথ শাস্তি হবে না। তবুও আইন পরিবর্তন করে হলেও তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’ রানা গ্রেফতার হওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং এমন ট্র্যাজেডির জন্য দেশের বড় রাজনৈতিক দলগুলোর অপরাজনীতিকে দায়ী করেন ।