রাজশাহী খুলনা সিলেট ও বরিশাল সিটির নির্বাচন ১৫ জুন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২২:৩৬
আগামী ১৫ জুন একযোগে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশন এই চার সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ মে, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ও ১৬ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। আগামী ২৭ মে প্রতীক বরাদ্দ করা হবে। এদিকে নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের তফসিল যে কোন দিন ঘোষণা করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।
গতকাল দুপুরে কমিশনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ চার সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেন। কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচনে ঋণ খেলাপিরা যাতে প্রার্থী হতে না পারেন, সে বিষয়ে তফসিলি ব্যাংকগুলোকে অবহিত করার জন্য আজ মঙ্গলবার কমিশন সচিবালয় থেকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়া হবে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি সিটির একটি করে ওয়ার্ডে ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র জমা দেয়ার আগে প্রার্থীকে তফসিলি ব্যাংকে হিসাব খুলতে হবে। নির্বাচনের সমুদয় ব্যয় এই হিসাব থেকে করতে হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোন প্রকার মিছিল বা শো-ডাউন করা যাবে না। তফসিল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, ১৫ জুন সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। তবে ৪টার সময় ভোটকেন্দ্রের বেষ্টনীর মধ্যে অবস্থিত ভোটারগণও ভোট দেয়ার সুযোগ পাবেন।
একই দিনে চার সিটির ভোটগ্রহণ করা হবে কেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, একই দিনে একাধিক সিটির ভোটগ্রহণ আগেও হয়েছে। তাছাড়া নির্বাচনী এলাকা ভিন্ন এবং এগুলো শহরকেন্দ্রিক। সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটা অসুবিধা হবে না। সিইসি জানান, প্রত্যেকটি সিটি করপোরেশনের একটি করে সাধারণ ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৩৪ ধারার ১ (খ) উপ-ধারা অনুসারে করপোরেশন মেয়াদ শেষ হওয়ার ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পূববর্তী ১৮০ দিনের মধ্যে সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। সর্বশেষ ২০০৮ সালের ৪ আগস্ট রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশনগুলোর প্রথম সভা অনুষ্ঠিত হয় বিভিন্ন তারিখে। সিটি করপোরেশন আইন অনুসারে এর মেয়াদ প্রথম সভা অনুষ্ঠানের দিন থেকে মেয়াদ পূরণের আগের ১৮০ দিনের মধ্যে এর নির্বাচন সম্পন্ন করতে হবে। আইন অনুযায়ী ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বরের মধ্যে রাজশাহী ও সিলেট, ২৭ সেপ্টেম্বরের মধ্যে খুলনা, ৭ অক্টোবরের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন করার আইনী বাধ্যবাধকতা ছিল।
যে কোন দিন গাজীপুর সিটির তফসিল
নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল যে কোন দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ১৫ জুলাই এর মধ্যে এখানে নির্বাচন সম্পন্ন করতে হবে। গত ১৬ জানুয়ারি গাজীপুর ও টঙ্গি পৌরসভার ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) গঠন করা হয়। তবে নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ এবং তার সঙ্গে সঙ্গতি রেখে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ না হওয়ায় গাজীপুর সিটির নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। এ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানান, গাজীপুর সিটি করপোরেশনের সীমানা বিন্যাসের কাজ শেষ হয়েছে। সে অনুযায়ী ভোটার তালিকা বিন্যাসের কাজ চলছে। এ বিন্যাস শেষ হলে গাজীপুর সিটি নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ জানিয়েছেন, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফসিলও যে কোনো দিন ঘোষণা করা হতে পারে।