রাজশাহীতে কব্জি ও পায়ের রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২২:৩৭
রাজশাহী মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারকে দুই হাতের কব্জি ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে নগরীর বাখরাবাজ দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২ টার দিকে চিকিত্সাধীন অবস্থায় আনার মারা যান। এ ঘটনায় মতিহার থানায় হত্যা মামলা হয়েছে।
মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী জানান, রাতে মোটরসাইকেলে মতিহার থানার ডাঁশমারী এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন আনার। বাখরাবাজ এলাকায় পৌঁছলে পেছন থেকে তিনটি মোটরসাইকেলে ৬ ব্যক্তি তাকে ধাওয়া করে ধরে ফেলে। এক পর্যায়ে তারা আনারের দুই হাতের কব্জি ও পায়ের গোড়ালির রগ কেটে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’টি জরুরি অস্ত্রপচার শেষে তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়। সেখানেই রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল দুপুরে ময়না তদন্ত শেষে আনারের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আনার হত্যার ঘটনায় গতকাল দুপুরে নগরীর মতিহার থানায় নিহতের বড়ভাই মোহাম্মদ বাবুল বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার ঘোষ জানান, এ মামলায় একজন এজাহার নামীয়সহ আরো আট থেকে দশজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ওসি আরো জানান, ঘটনার পরে রাতে এবং গতকাল দিনভর ওই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি।