মানবতাবোধ থাকলে হরতাল প্রত্যাহার করুন :নাসিম

বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আপনারা একদিকে সাভারের ভবন ধসে হতাহতদের দরদ দেখাচ্ছেন অন্যদিকে হরতাল দিচ্ছেন। ভণ্ডামির একটা সীমা আছে, যদি মানবতাবোধ থাকে তাহলে হরতাল প্রত্যাহার করুন। জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার ‘বর্তমান রাজনীতি ষড়যন্ত্রের মোকাবিলায় গণতান্ত্রিক ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঠিকানা একাত্তর বাংলাদেশ এ সভার আয়োজন করে। হরতালের মাধ্যমে দেশে আবার নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা হচ্ছে উল্লেখ করে নাসিম বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবেন না। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোনের মায়া ও মায়ের স্নেহ দিয়ে সাভারের পরিস্থিতি মোকাবিলা করছেন। কয়েকদিন বিনিদ্র রজনী যাপন করে তিনি হাজার হাজার মানুষকে মৃত্যুকূপ থেকে জীবিত বের করে এনেছেন। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ও দক্ষতায় এ বিপর্যয় সফলভাবে মোকাবিলা করা হচ্ছে। ঠিকানা একাত্তর বাংলাদেশের সভাপতি অধ্যাপক একেএম ফজলুল হকের সভাপতিত্বে সভায় সংগঠনের মহাসচিব শাহ মফিজ, অধ্যাপক মোল্লা মো. আবু কায়সার, এমএ করিম, অধ্যক্ষ মো. শাহজাহান আলী সাজু, মুক্তিযোদ্ধা মো. কেরামত আলী প্রমুখ বক্তব্য রাখেন।