‘লাশ গুমের’ আতঙ্কে স্বজনরা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২২:৫৫
নিখোঁজ স্বজনদের খোঁজ না মেলায় লাশ গুমের আশঙ্কা করছেন নিহতের স্বজনেরা। এই আশঙ্কায় গতকাল দুপুরের পর থেকে ধসে যাওয়া ভবনের দক্ষিণের সড়কে পাকিজা মোড়ে ব্যারিকেড দিয়ে রেখেছেন গার্মেন্টস শ্রমিক ও নিখোঁজদের স্বজনেরা। তারা ওই সড়ক দিয়ে যাতায়াতকারী সব যানবাহন তল্লাশী করে দেখছেন ভেতরে কোনো লাশ রয়েছে কি না। বিশেষ করে ধংসস্তূপ সাারানোর কাজে নিয়োজিত সেনাবাহিনী ও সিটি কর্পোরেশনের ট্রাকগুলো তল্লাশী করছেন। তাদের আশঙ্কা ধংসস্তূপের সঙ্গে লাশও ফেলে দেয়া হতে পারে।
স্থানীয় গার্মেন্টসকর্মী রবিউল বলেন, বিদেশী ক্রেতাদের কাছে গার্মেন্টস সেক্টরের ভাবমূর্তি রক্ষার চেষ্টা, ক্ষমতাসীন সরকারের দলীয় নেতার অবৈধ ভবনের কারণে কোন পক্ষ লাশ গুম করতে পারে । এ আশঙ্কা থেকে তারা তল্লাশী চালানোর উদ্যোগ নিয়েছেন। ইসলাম নামে এক যুবক বলেন, তারা বিভিন্ন গার্মেন্টের শ্রমিক, স্থানীয় অধিবাসী ও নিখোঁজের স্বজনেরা মিলে পাকিজা মোড় ছাড়াও সাভার নিউমার্কেটের সামনে ও এনাম মেডিকেল কলেজ এলাকায় নিজেরাই তল্লাশী করছেন।
এমনকি নিখোঁজ গার্মেন্ট শ্রমিকের স্বজন ও আজিজুল নামের এক যুবক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকুর কাছে মৌখিক আবেদনও করেছেন ‘যেন এখান থেকে কোনো লাশ গুম না করা হয়।’
আজিজুল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলেন, ‘স্যার, আমরা জীবিত না পাই, আমাদের লাশটা অন্তত দিয়েন। আমাদের লাশ বঞ্চিত কইরেন না।’ এসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সব লাশ উদ্ধারের পর অধর চন্দ্র বিদ্যালয় মাঠ ও ঢাকা মেডিকেল মর্গে রাখা হবে বলে তাকে আশ্বস্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লাশও যাতে নষ্ট না হয় এজন্য সচেতনতার সঙ্গে উদ্ধার কাজ চলছে। লাশ গুমের আতঙ্ক সাভারে ছড়িয়ে পড়ায় অনেকে সাভারের পাশ্ববর্তী কবরস্থানগুলোতে যোগযোগ করেছে সেখানে অজ্ঞাত বা বেনামে কোন লাশ দাফন করা হয় কিনা, তা জানার জন্য।