প্রধানমন্ত্রীর কাছে ভিড়তে পারলেন না মুরাদ জং
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২২:৫৭
বারবার চেষ্টা করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভিড়তে পারলেন না সাভারের সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। সোমবার সকালে প্রধানমন্ত্রী সম্প্রতি ভবন ধসে আহত এবং ধ্বংসস্তূপে আটকেপড়া হতাহতদের উদ্ধার কার্যক্রম সরেজমিনে দেখতে সাভার যান। সাভার পৌঁছে তিনি প্রথমে যান এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে এমপি মুরাদ আগে থেকেই অপেক্ষা করছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে হাপসাতালে প্রবেশ করার পর নিরাপত্তাকর্মীরা হাসপাতালের কলাপসিবল গেট আটকে দেয়। ফলে তিনি প্রধানমন্ত্রীর কাছে যেতে ব্যর্থ হন। পরে প্রধানমন্ত্রীর গাড়িবহর অনুসরণ করে মুরাদ জং ধসে পড়া রানা প্লাজার সামনে হাজির হন। এখানেও কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তিনি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পারেননি। প্রধানমন্ত্রী যখন এখানে উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলেন তখন মুরাদ জং দলের স্থানীয় নেতাদের সাথে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তাকে দেখে প্রধানমন্ত্রী চোখ ফিরিয়ে নেন। এরপর শেষ চেষ্টা হিসেবে মুরাদ জং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে চড়ে সাভার সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে যান। কিন্তু প্রধানমন্ত্রী আগেই হাসপাতালে ঢুকে পড়েন। শেষ পর্যন্ত হাসপাতালে প্রবেশ করতে না পেরে তাকে বারান্দায় অপেক্ষা করতে হয়।
উল্লেখ্য, ধসে পড়া ভবনের মালিক সোহেল রানাকে যুবলীগের নেতা হিসেবে আশ্রয়-প্রশ্রয় দেয়ার ব্যাপারে এমপি মুরাদ জংকে অভিযুক্ত করা হচ্ছে।