উদ্ধার কাজে আন্তর্জাতিক সহায়তা প্রত্যাখ্যান করা হয় :বিবিসি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২২:৫৮
সাভারে ধসে পড়া বহুতল ভবনের ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধারে সাহায্য করতে ব্রিটেনসহ আরো কয়েকটি দেশের প্রস্তাব বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক সূত্রের উল্লেখ করে ব্রিটেনের দ্যা ডেইলি টেলিগ্রাফ বলছে, গত সপ্তাহে ভবনটি ধসে পড়ার পর ব্রিটেন অভিজ্ঞ টিম পাঠিয়ে উদ্ধারকাজে সাহায্যের প্রস্তাব দিয়েছিল।
পত্রিকাটি বলছে, বাংলাদেশে কর্তৃপক্ষ মনে করেছে যে এই সাহায্য গ্রহণ করা হলে তাদের জাতীয় গর্ব বিনষ্ট হতে পারে বলে তারা আশঙ্কা করছিলেন। এ বিষয়ে বাংলাদেশের কর্মকর্তাদের রাজি করানোরও চেষ্টা চালানো হয়েছিল। বলা হয়েছিল যে, এই সহযোগিতা গ্রহণ করা হলে সেটাকে খুব বড় করে দেখানো হবে না।
ব্যাপক হতাহতের খবর জানা যাওয়ার পর জাতিসংঘের কর্মকর্তারাও পশ্চিমা দেশের কূটনীতিকদের সাথে পরিস্থিতি সামাল দেয়ার বিষয়ে বাংলাদেশের সক্ষমতা নিয়েও আলোচনা করেছিলেন বলে পত্রিকাটি জানায়। আলোচনার পর জাতিসংঘের কর্মকর্তারা মনে করেছিলেন, এত বড় উদ্ধারকাজ চালাতে বাংলাদেশের সেই ক্ষমতা নেই এবং তখনই কর্মকর্তারা উদ্ধারকারী দল ও ভারি যন্ত্রপাতি পাঠিয়ে কারা সহযোগিতা করতে পারে তা জানতে ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের সরকারের সাথে যোগাযোগ করেছিলেন। সাহায্যের প্রয়োজনীয়তার বিষয়টি এবং যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সমাজ যে প্রস্তুত সেটা বাংলাদেশকে জানানো হয়েছিলো কিন্তু সেটা প্রত্যাখ্যান করা হয়েছে।