ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়

১৯৪১ সালে স্থাপিত হয় ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই অঞ্চলের কিছু সচেতন মানুষের হাত ধরেই স্কুলের যাত্রা শুরু। বর্তমানে স্বপ্নের চাইতেও বেশি অগ্রসর স্কুলটি। এখানে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষাসহ তিনটি বিভাগ চালু আছে। স্কুলের এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৬ ভাগ এবং জেএসসি পরীক্ষায় পাসের হার ৯৩ ভাগ। স্কুলটির অবকাঠামো ও পরিবেশ যেকোন পথিকের নজর কাড়ে। খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে চলেছে স্কুলটি। এ স্কুলে আছে একটি চৌকস স্কাউট ও গার্লস গাইড দল। স্কুলের একাধিক অভিভাবকের সঙ্গে কথা বলে এসব বিষয়ে জানা গেছে। স্কুলের এ ঐতিহ্যের পেছনে রয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর প্রচেষ্টা, পরিচালনা পরিষদ ও এলাকার অভিভাবকদের সহযোগিতা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এই স্কুলের বহু ছাত্র-ছাত্রী। বর্তমানে প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী -এর পরিচালনায় একদল দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার স্নেহের পরশে ছাত্র-ছাত্রীরা অধ্যয়নরত আছে। তালহা আহমদ চোধুুরী ১০ম শ্রেণি, রোল নং-১ ১৯৪১ সাল থেকে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি জ্ঞানের আলো ছড়াচ্ছে। এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে অনেকে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুনামের সঙ্গে আরো ভালো ফলাফলে অবদান রাখবে এটা আমার প্রত্যাশা। আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানকে দেশের প্রথম সারির উচ্চ বিদ্যালয় হিসেবে দেখতে চাই। ইমরান হোসেন ইমন ৯ম শ্রেণি, রোল নং-১ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কম্পিউটার শিক্ষা গ্রহণ করা খুবই জরুরি। আমি চাই আমাদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা থাকুক। যার মাধ্যমে ইন্টারনেট সেবাগুলো পেতে সহজ হবে। আমার বিদ্যালয়টি ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাবে। আমি চাই বিদ্যালয়টি দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হবে। রিংকু দাস ৮ম শ্রেণি, রোল নং-১ আমি আমার বিদ্যালয়টি সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ দেখতে চাই। শিক্ষা, বিনোদন, সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলাসহ সকল দিক থেকে সমভাবে কৃতিত্বের সঙ্গে এগিয়ে যাক এবং সামাজিক দায়িত্ববোধ সৃষ্টির মাধ্যমে দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীরা অবদান রাখুক এটাই আমার প্রত্যাশা। আমি এই বিদ্যালয়টিকে ছাতকবাসীর অহংকার হিসেবে দেখতে চাই। রাফিয়া আমিন রাফা ৭ম শ্রেণি, রোল নং-১ ফলাফলের দিক থেকে আমাদের স্কুল সব সময় ভালো করে। আমরা বিদ্যালয়টিকে সব সময় ভালো ফলাফলের সেরা বিদ্যালয় হিসেবে দেখতে চাই। সেই সাথে বিদ্যালয়ের সকল ধরনের সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর প্রভৃতি কর্মকাণ্ড দেখতে চাই। আমাদের স্কুলের পরিবেশ আরো ভালো দেখতে চাই সেই সাথে নিয়মিত বিতর্ক চর্চার দাবি জানাই। সুমা দাস ৬ষ্ঠ শ্রেণি, রোল নং-২ আমি আমার বিদ্যালয়ে ক্যান্টিন, ফুলের বাগান, পাঠাগার ও বিজ্ঞানাগারের আরো উন্নয়ন চাই। এছাড়া প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে দেখতে চাই। সেই সাথে বিদ্যালয়টি এই অঞ্চলের সেরা স্কুল হিসেবে গড়ে উঠুক। যাতে করে আমরা আমাদের এই স্কুলকে নিয়ে গর্ব করতে পারি। মঈনুল হুসেন চৌধুরী প্রধান শিক্ষক বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সঙ্গে সকল কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছে। এটি এই জেলার ছেলে-মেয়েদের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। তবে স্কুলের অনেক সম্ভাবনা আছে। এছাড়া কিছু সমস্যাও আছে। স্কুলের সমস্যাগুলো সমাধানের দাবি জানাচ্ছি। আশা করছি সরকারের কাছ থেকে সহযোগিতা পেলে বিদ্যালয়টি দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সম্ভব হবে। বিদ্যালয়টির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও সাধারণ জ্ঞান চর্চার মাধ্যমে প্রতিভা বিকাশের বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ভালো শিক্ষক পেলে ভালো শিক্ষার্থীদের অভাব হয় না। তবে ভালো ফলাফলের জন্য ক্লাসে পড়া দেয়া এবং ক্লাসে পড়া নেয়া খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।