বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মুবাশশির
সমাজ পরিবর্তনের
স্বপ্ন দেখি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:২৩
পুরো নাম এম এইচ এম মুবাশশির। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচিত এক মুখ। ছোটবেলা থেকেই নাটক কিংবা চলচ্চিত্রের নায়ক হওয়ার শখ ছিল তার। পঞ্চম শ্রেণি থেকে নিয়মিত থিয়েটারের কাজের সাথে জড়িত ছিল। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দ্বিতীয় বর্ষে উঠলে তার পরিচালনায় আসার ইচ্ছা মাথায় ভর করে। এ কাজে সে বেশি অনুপ্রেরণা পেয়েছে তার মায়ের নিকট থেকে। তবে সেমিস্টার সিস্টেমে পড়ালেখার পাশাপাশি এ কাজ করতে তাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। গড়ে তোলে ‘জলছবি ফিল্ম’ নামের ছোট একটি প্রোডাকশন হাউজ। সম্প্রতি মুবাশশির ও বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মমিনুল ইসলাম জুয়েলের পরিচালনায় ‘জলছবি ফিল্ম’ এর ব্যানারে ‘স্বপ্ন সমীকরণ’ নামে প্রথম একটি টিভি প্রোডাকশন তৈরি করে। এতে বতর্মান সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ অনেকে অভিনয় করেছেন। আর স্যুটিং হয় ঢাকার উত্তরা, আশুলিয়াসহ বেশ কিছু স্থানে। অত্যন্ত দক্ষতার সাথে কাজটি শেষ করেছে মুবাশশির আর এটি কিছুদিনের মধ্যে টিভি চ্যানেলে সেটি সম্প্রচার করবে বলে সে জানায়। ফিল্মের প্রতি একান্ত আগ্রহ আর ভালবাসার কারণে মুবাশশিরের এ পর্যন্ত আসা। এ ধরনের কাজে সে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও বন্ধুদের নিকট থেকে অনেক সহযোগিতা পেয়েছে। পড়ালেখার পাশাপাশি একটু অবসর পেলে সে শর্টফিল্ম, নাটক কিংবা চলচ্চিত্র নিয়ে চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। তার পরিচালনায় পূর্বে তৈরিকৃত বেশ কয়েকটি শর্টফিল্ম ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি করেছে। মুবাশশির কৃষিতে অনার্স শেষ করে এখন বায়োটেকনোলজিতে মাস্টার্স-এ অধ্যয়নরত। মুবাশশির বলেন, বর্তমানে আমরা বিদেশি সংস্কৃতির ভিড়ে দেশীয় চলচ্চিত্রকে প্রায়ই ভুলতে বসেছি। বাংলার সংস্কৃতিকে লালনের মাধ্যমে আমরা আমাদের চলচ্চিত্রকে অনেক উপরে নিয়ে যেতে পারি। চলচ্চিত্রের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখার কথাও বলেন তিনি।