তাহসান-মিথিলার ঘরে এলো কন্যা সন্তান
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:৪২
কন্যা সন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান ও মডেল-অভিনেত্রী-গায়িকা মিথিলা। গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন মিথিলা। কন্যার নাম রাখা হয়েছে আয়রা তেহরিম খান। ডা. নুসরাত জামানের তত্ত্বাবধানে এই রিপোর্টটি লেখা পর্যন্ত অপারেশন থিয়েটারেই মায়ের অবস্থান। কন্যা সন্তানের বাবা তাহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একবার শুধু বেবিটাকে দেখে এসেছি। সুস্থ আছে। আমি এখন বাইরে অপেক্ষমান।’ এটিই তাহসান-মিথিলা দম্পতির প্রথম সন্তান। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন বলে জানা গেছে। আরও দু’তিনদিন পর বাসায় ফিরতে পারবেন মিথিলা। এদিকে কন্যা সন্তান হওয়ার তাত্ক্ষণিক অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তাহসান বলেন, ‘আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে, সবকিছু ভালোভাবে হয়েছে। এ মুহূর্তে আসলে নিজের অনুভূতি প্রকাশ করতে পারব না। অনেক বেশি ভালো লাগছে, আনন্দ হচ্ছে। সবাই বলছে আমাদের মতোই হয়েছে কন্যা আয়রা তেহরিম খান। সবাই দোয়া করবেন আমাদের মেয়ের জন্য।’ উল্লেখ্য, মা হওয়ার কারণে কয়েক মাস ধরে মিডিয়া থেকে দূরে ছিলেন মিথিলা। তাদের যুগলবন্দী হয়ে চ্যানেল টুয়োন্টিফোরের একটি শো থেকেও অব্যাহতি নেন সন্তানের সুস্থাতার প্রত্যাশায়। তাহসানও স্ত্রীর যত্ন নেওয়ার জন্য নতুন কোনো কাজে হাত দেননি। নবজাতকের প্রতি রইল বিনোদন প্রতিদিনের শুভকামনা।