সুকুমার ও ফারুক পাচ্ছেন আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা ও শিশু সাহিত্য পুরস্কার
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২১:১৪
‘শিশুর বিকাশে অবিচল আমরা’ এই শ্লোগান সামনে রেখে আনন ফাউন্ডেশন শিশুর বিকাশে ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আনন ফাউন্ডেশন কর্তৃক আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা পুরস্কার পেতে যাচ্ছেন বিশিষ্ট শিশু-সাহিত্যিক ও ছড়াকার সুকুমার বড়ুয়া। সম্মাননা হিসাবে তিনি পাবেন একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র এবং সম্মানী হিসাব পাবেন আজীবন প্রতি মাসে পাঁচ হাজার টাকা। আনন শিশু-সাহিত্য পুরস্কার-২০১৩ পেতে যাচ্ছেন বিশিষ্ট শিশু-সাহিত্যিক ফারুক নওয়াজ। পুরস্কারের মূল্যমান হিসাবে তিনি নগদ এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র পাবেন। শিশু-সাহিত্যে বিশেষ অবদান রাখায় তাদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। আনন ফাউন্ডেশন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে আগামী ১৭ মে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রধান অতিথি থেকে তাদের হাতে তুলে দিবেন পুরস্কারের অর্থমূল্য, ক্রেস্ট ও সম্মাননাপত্র। -প্রেস বিজ্ঞপ্তি