আরব লিগের সঙ্গে কেরির বৈঠক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২১:১৪
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার অংশ হিসাবে আরব লিগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার মার্কিন প্রেসিডেন্টের অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে থমকে যাওয়া শান্তি আলোচনাকে আবারো সচল করা। এর মাধ্যমে এ অঞ্চলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাই এর লক্ষ্য।
বৈঠকে জন কেরি বলেন, আমরা এখানে সবাই সমবেত হয়েছি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় একটা গতি ফিরিয়ে আনতে। সব বাধা বিপত্তি অগ্রাহ্য করে আমাদের সেলক্ষ্যেই এগিয়ে যেতে হবে। তিনি বলেন, এ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সেজন্য সবাইকে আন্তরিকভাবে কথা বলতে হবে, যাতে করে এর কাঙ্ক্ষিত অগ্রগতি সাধিত হয়। আরব বৈঠকের প্রাক এ আলোচনার চেয়ারপার্সন ছিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ হামিদ বিন জসিম আল থাহনি। আলোচনায় অংশ নেন ফিলিস্তিনের পরররাষ্ট্র বিষয়ক মন্ত্রী রিয়াদ আল মালিকি, মিসরের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ কামেল আমর, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন আহমেদ আল খলিফাসহ সৌদি ও লেবাননের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া এতে আরো অংশ নেন আরব লিগ প্রধান নাবিল আল আরাবি। আলোচনায় কেরি এবং আরব রাষ্ট্রসমূহ ২০০২ সালে আরব লিগের শান্তি আলোচনার উদ্যোগকে সমর্থন ব্যক্ত করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন একপর্যায়ে এ বৈঠকে অংশ নেন।