শেষ হলো যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ
কোরিয়ার যৌথ সামরিক মহড়া
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২১:১৮
যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শেষ হয়েছে। ‘ফৌল ইগল’ নামে দুই মাসের এই বাত্সরিক মহড়া নিয়ে দারুণ নাখোশ ছিল উত্তর কোরিয়া। ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালানোর পর অল্প কয়েক দিনের মধ্যেই এই মহড়া শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এদিকে, যৌথ শিল্প এলাকা কায়েসং ছেড়ে চলে যাওয়ার ঠিক শেষ মুহূর্তে দক্ষিণ কোরিয়ার সাত কর্মীকে আটক করেছে উত্তর কোরিয়া।
‘ফৌল ইগল’-এ দুই দেশের প্রায় ১০ হাজার সেনাসদস্য অংশগ্রহণ করে। ধারণা করা হয়, এই মহড়ায় স্থল, বিমান, নৌ এবং বিশেষ অভিযান অন্তর্ভুক্ত ছিল। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সিউক বলেছেন, ‘মহড়া শেষ হয়েছে, কিন্তু ক্ষেপণাস্ত্র উেক্ষপণসহ উত্তর কোরিয়ার সম্ভাব্য উসকানির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিয়মিত নজর রাখবে।
এদিকে, গত সোমবার দুই কোরিয়ার যৌথ শিল্প এলাকা কায়েসং ছেড়ে চলে যাওয়ার ঠিক শেষ মুহূর্তে দক্ষিণ কোরিয়ার সাত কর্মীকে আটক করেছে উত্তর কোরিয়া। তাদের কর এবং বকেয়া মজুরির বিষয়ে কথা বলার জন্য আটকে রাখা হয়েছে বলে জানা গেছে। তবে কর্মীরা কোনো ঝুঁকির মুখে নেই বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। কিন্তু তাদেরকে দেরি করানোর বিষয়টি নতুন করে আরেক জটিলতা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন তারা। দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা বলেন, ‘উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় ফেরার পথে থাকা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে এক বিবৃতিতে আশ্বস্ত করায় আমরা মনে করছি না যে কর্মীরা ঝুঁকিতে আছেন। তবে তারা সবাই ফিরে না আসা পর্যন্ত আমরা পরিস্থিতি গভীরভাবে নজরে রাখব।’