সংবাদ কণিকা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২১:১৯
ফিলিস্তিনে স্বপ্নের শহর
ফিলিস্তিনে প্রথম আধুনিক শহরের নাম রাওয়াবি। একেবারে কাগজে-কলমে নকশা করে, বিপুল পয়সা খরচ করে তৈরি হচ্ছে এই শহর। চলতি বছরের শেষ নাগাদ সেখানে বসবাস শুরু করবেন সাধারণ মানুষ। পশ্চিম তীরের রামাল্লার কাছেই অবস্থান রাওয়াবির। নামের সঙ্গে মিল রেখে নগর পরিকল্পনাও করা হয়েছে পাহাড়ের মতো করে। অথচ এই শহর তৈরির কাজ শুরু করাটা মোটেই সহজ ছিল না। পশ্চিম তীরের অর্ধেকের বেশি এলাকা ইসরাইলের অধিকৃত অঞ্চল। শহর তৈরির মালামাল যে পথে আনা-নেয়া করা হবে সে পথের অংশবিশেষও ইসরায়েলের মধ্য দিয়েই গেছে। তবে ইসরাইল অনুমতি দিয়েছিল।-ডয়েচে ভেলে
কার্বন নির্গমনের রেকর্ড
আইপিসিসির সূত্র অনুযায়ী পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা রেকর্ড ৪’শ পিপিএম ছুঁতে চলেছে। ফলে তাপমাত্রা বাডার গড় হারও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। যার পরিণাম হতে পারে ভয়ঙ্কর। সোমবার জাতিসংঘের জলবায়ু সংগঠন আইপিসিসি’র প্রধান ক্রিস্টিনা ফিগেরেস বলেন, সর্বশেষ হিসাব অনুযায়ী বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব ৩৯৯ দশমিক ৭২ পিপিএম, অর্থাত্ পার্টস পার মিলিয়ন।-এএফপি
সংঘর্ষ হতে পারে মহাকাশেও!
পৃথিবীর কাছের মহাকাশে বিভিন্ন সময়ে পাঠানো ভাসমান ধ্বংসাবশেষ ও জঞ্জালগুলোর সঙ্গে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহের যেকোন সময়ে সংঘর্ষ হতে পারে। সম্প্রতি ষষ্ঠ ইউরোপিয়ান ডেব্রিস সম্মেলনে মহাকাশবিজ্ঞানীরা বিষয়টি জানান। মহাকাশ গবেষকরা জানিয়েছেন, ১০ সেন্টিমিটার আকৃতির প্রায় ৩০ হাজার ধ্বংসাবশেষ প্রতিনিয়ত পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উদ্বেগের বিষয় হচ্ছে, এসব মহাকাশ আবর্জনার অনেকগুলোর মধ্যে এখনও রয়েছে তেজস্ক্রিয় পদার্থ ও জ্বালানি। ফলে এদের সংঘর্ষের ফলাফল হবে খুবই বিপজ্জনক।-বিবিসি
পোলিও নির্মূলে গেটস
গোটা বিশ্ব থেকে পোলিও নির্মূলে আরো ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে গেটস ফাউন্ডেশন। আবুধাবিতে বৃহস্পতিবার এক বৈঠকে একথা বলেন বিল গেটস। সামিটে অংশ নেয়া অন্যরাও বৈশ্বিক পোলিও তহবিলে অর্থ যোগানের ঘোষণা করেছে। ব্রিটেন এই তহবিলে দেবে ৪৫৭ মিলিয়ন ডলার। কানাডা ও নরওয়ে দিচ্ছে যথাক্রমে ২৫০ এবং ২৪০ মিলিয়ন মার্কিন ডলার।-এএফপি