চৌদ্দগ্রাম ও উলিপুরে তিন ইউপি চেয়ারম্যান অপসারিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৩২
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রকল্পের কাজ না করেই এলজিএসপির বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় অবশেষে চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহেরকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত সোমবার মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুন্নাহার স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।
এলজিএসপির অর্থ বরাদ্দ প্রাপ্তির পর সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে ইউনিয়নের সমস্যাগ্রস্ত এলাকায় বসে জনগণের সাথে প্রকল্প নির্ধারণ করা হয়। পরে তা ইউনিয়ন পরিষদের বৈঠকে রেজুলেশনের মাধ্যমে অনুমোদন শেষে বাস্তবায়ন করতে হয়। এলজিইডির একজন উপ-সহকারী প্রকৌশলী কাজ তদারকি সাপেক্ষে বিল ভাউচার প্রত্যয়ন করলে উপজেলা নির্বাহী অফিসার তা অনুমোদন দিয়ে থাকেন। কিন্তু কোন কাজ না করেই তদারকি কর্তৃপক্ষের যোগসাজশে চিওড়া ইউপি চেয়ারম্যান আবুু তাহের ২০১১-১২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এডিপি ও এলজিএসপি’র আওতায় বিভিন্ন খাত থেকে ৫ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাত্ করে।
উলিপুর সংবাদদাতা জানান, উলিপুর উপজেলার দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলজিএসপি-২ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ দুই ইউপি চেয়ারম্যানকে চূড়ান্তভাবে অপসারণ করে অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপ-সচিব মোছাঃ কামরুন্নাহার স্বাক্ষরিত পত্রে ঐ দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিঞা সাঈদ ও ধামশ্রেণি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক মানিকের বিরুদ্ধে এলজিএসপি-২ প্রকল্প হতে ২০১১-১২ অর্থ বছরে প্রদত্ত বিবিজি এর অর্থ আত্মসাত্ সংক্রান্ত আনিত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ঐ দুই চেয়ারম্যানকে বরখাস্ত করে। একই পত্রে আত্মসাত্কৃত অর্থ আদায়ের জন্য জেলা প্রশাসক, কুড়িগ্রামকে অনুরোধ জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়। উল্লেখ্য, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এলজিএসপি-২ প্রকল্পের ১৪ লাখ ৭ শত ২২ টাকা ও ধামশ্রেণি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ৪ লাখ টাকা উত্তোলন করার পর কোন কাজ না করেই সমুদয় অর্থ পকেটস্থ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ শাহীনুর আলম এর সত্যতা স্বীকার করেছেন।