রূপগঞ্জে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
স্বামী গ্রেফতার
রূপগঞ্জ (নারায়নগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৩৩
রূপগঞ্জে যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে লোহার গরম খুনতি দিয়ে ছ্যাঁকা দেয়ার ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলাটি ভিন্নখাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা করছে বাদিপক্ষ। জানা গেছে, কাউছারা আক্তার সেলুনীর উপর গত ২৩ মার্চ চালানো হয় দফায় দফায় মানসিক ও শারীরিক নির্যাতন। এলোপাতাড়ি পিটিয়ে তাকে মারাত্মক জখম করা হয়। হাত, পা উরু, পেট ও পিঠসহ শরীরের স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেয়া হয়। ছ্যাঁকার ক্ষতগুলো এখনো স্যাঁতস্যাঁতে। অমানবিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীরপাড় গ্রামে । রূপগঞ্জ থানা পুলিশ পাষন্ড স্বামী জয়নাল আবেদীন জয়কে গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে। আসামি পক্ষ প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে। আসামিদের বাঁচাতে একটি মহল ব্যস্ত হয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে।