চৌদ্দগ্রামে ৬৭ দিন পর বাড়ি ফিরলো নিখোঁজ ব্যবসায়ী!

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার চৌদ্দগ্রামে ইয়াছিন প্রকাশ হিরণ নামের এক ব্যবসায়ীকে নিখোঁজের ৬৭ দিন পর গতকাল মঙ্গলবার ভোরে নিজ ঘরের সামনে অচেতন অবস্থায় পাওয়া যায়। তিনি শুভপুর ইউনিয়নের পাশাকোট পশ্চিমপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে। জানা গেছে, হিরণ গত ২২ ফেব্রুয়ারি সকালে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে খালি পায়ে ঘুরতে বের হন। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। কিন্তু গতকাল মঙ্গলবার ভোরে তার ঘরের সামনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দীর্ঘদিন পর ছেলেকে পেয়ে মা সিরাজী বেগম খুশিতে আত্মহারা। তাকে ঘরে প্রাথমিক চিকিত্সা দেয়া হচ্ছে। পরিবারের লোকজন ও স্থানীয়রা জানায়, ছোটকালেই তার উপর ‘পরী’ আছর করে। এবার নিখোঁজের পর কয়েকজন হুজুর জানান তাকে পরীরা নিয়ে গেছে এবং সে ফিরে আসবে। পরীরাই তাকে ঘরের সামনে রেখে যায় বলে পরিবারের লোকজনের ধারণা। এমন ধারণার বশবর্ত্তী হয়ে তাকে একনজর দেখতে উত্সুক মানুষ ভিড় জমায়।