রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
রূপগঞ্জ (না’ গঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৩৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেনেটেক্স (হারভেস্ট রীচ) নামক একটি পোশাক কারখানা দুই মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস দেয়ায় গতকাল মঙ্গলবার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয়দিকে ১২ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
রূপগঞ্জ থানার ওসি মঈনুর রহমান জানান, গত সোমবার সকালে বেনেটেক্স নামক পোশাক কারখানার ৭ম তলা ভবনের দ্বিতীয় তলার স্থানে স্থানে ফাটল দেখা দিলে প্রশাসন কারখানাটি সিলগালা করেন। বুয়েটের প্রকৌশলীরা ভবনটি পরিদর্শন করে ভবনটি বিপজ্জনক কিনা তা নির্ধারণ না হওয়া পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়। এর পর গতকাল মঙ্গলবার সকালে গার্মেন্টস কর্তৃপক্ষ দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর প্রধান গেটে নোটিস ঝুলিয়ে দেয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মহাসড়কে অবস্থান নেয়।
তিনি আরো জানান, বেনেটেক্স গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে শ্রমিকদের জানান, আগামী শনিবার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাস দেন। পরে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। তবে কোন ভাংচুরের ঘটনা ঘটেনি।