উদ্ধার অভিযানে ডগ স্কোয়াড

সাভারে রানা প্লাজার ধ্বংস্তূপ থেকে অক্ষত অবস্থায় জীবিত মানুষ এবং মৃতদেহ উদ্ধারের জন্য সেনাবাহিনীর প্রশিক্ষিত কুকুর নামানো হয়েছে। এই ‘ডগ স্কোয়াডে’ লতা, বীণা, মিনা ও মিলা নামের চারটি কুকুর রয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টা থেকে কুকুর সঙ্গে নিয়ে অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। এ বিষয়ে উদ্ধার অভিযানের সমন্বয়ক সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বলেন, যেখানেই জীবিত কিংবা মৃতদেহ পাওয়া যাবে সেখানেই বসে পড়বে কুকুরগুলো। এরপর উদ্ধারকর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করবেন। সোহরাওয়ার্দী জানান, উদ্ধার অভিযানে ‘ডগ স্কোয়াড’ ছাড়াও উন্নত প্রযুক্তির ‘সার্চ ভিশন’ ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। আমরা চাই না কোনো মৃতদেহ নষ্ট হোক কিংবা কোনো জীবিত ব্যক্তির সামান্যতমও ক্ষতি হোক। উদ্ধার অভিযান সম্পর্কে তিনি বলেন, এ অভিযান সময়সাপেক্ষ। যতক্ষণ পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতর একজন জীবিতও থাকবেন কিংবা মৃতদেহের সন্ধান যতক্ষণ পাওয়া যাবে, ততক্ষণ এ অভিযান চলবে। তিনি অরো জানান, দ্বিতীয় ধাপের এ উদ্ধার অভিযানে এরই মধ্যে ভারি যন্ত্র ব্যবহার করে প্রায় তিনশ টন কংক্রিটের স্তূপ অপসারণ করা হয়েছে। এসময় তিনি নিখোঁজদের সন্ধানে জড়ো হওয়া স্বজনদের ধৈর্য ধরার আহ্বান জানান। এর আগে সংবাদ সম্মেলনে ধ্বংসস্তূপে মরদেহ শনাক্তের জন্য কুকুর ব্যবহারের পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।