আর্থিক অনুদানে কর অব্যাহতি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২৩:০৫
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অনুদানকারীরা কর অব্যাহতি পাবেন। এ ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিত্সাসহ যাবতীয় সহায়তায় সাভারের এনাম মেডিক্যাল কর্তৃপক্ষ ও সরকার কর্তৃক গঠিত তহবিলে দান করলে সেটি কর অব্যাহতি পাবে। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। গত ২৪ তারিখ থেকে (রানা প্লাজা ধসের দিন) আগামী ৩০ জুনের মধ্যে যারা দান করবেন তারাই কেবল আয়কর অব্যাহতি পাবেন। মানবিক এ বিপর্যয়ে আর্থিক অনুদানকে উত্সাহিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে আদেশে বলা হয় এই অর্থ খরচের ক্ষেত্রে দেশের প্রচলিত বিধিবিধান অনুযায়ী অর্থ খরচের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, অর্থ খরচের পর অতিরিক্ত কোন অর্থ থাকলে তা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করতে হবে।
এই আদেশের ফলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ চাইলে এই ঘটনায় সহায়তা করার জন্য নতুন তহবিল তৈরি করলে সেখানে অর্থ দান করলেও আয়কর অব্যাহতি পাওয়া যাবে। এ ফান্ড মনিটরিং করবে হাসপাতালের কর্তৃপক্ষ।
বিজিএমইএর সর্বশেষ তথ্য মতে, এনাম মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে ৫১৫ জন শ্রমিক এখনো চিকিত্সাধীন রয়েছেন। এ পর্যন্ত মরদেহ উদ্ধার হয়েছে প্রায় ৩৯০ জনের। আর চিকিত্সা নিয়ে হাসপাতাল ছেড়েছেন আরো প্রায় ২ হাজার শ্রমিক।