বেলুন

ফাল্গুন শুরু হয়েছে কদিন আগে। আড়িয়ালখাঁর তীরে শীত এখনো মাঘের মতোই। নদীর জলধোয়া হিম বাতাস আরও কনকনে করে তুলেছে শীত। তখনো রোদ ওঠেনি। সূর্য উঠলেও কুয়াশার মহাপ্রাচীরের আড়ালে ঢাকা। ঘন কুয়াশা কাটতে কাটতে উত্তরের পিচঢালা পথ ধরে গোরস্তানের মোড়ে এসে থামলেন ডাক্তার এয়াকুবালি। গোরস্তানের সীমানা-দেয়ালের পাশে দাঁড়ানো রোদের অপেক্ষায় থাকা দুই তরুণের দিকে তেড়ছা চোখে তাকালেন একবার, তারপর আবার হাঁটা ধরলেন তাঁর চেম্বারের দিকে। জেলা শহর থেকে পাকা রাস্তাটা এখানে এসে একটা মোড় নিয়ে পুবে রাধাগঞ্জ বাজারের দিকে চলে গেছে। মোড়ের দক্ষিণে ডাক্তার এয়াকুবালির হোমিওপ্যাথিক চেম্বার, উত্তরে পুরোনো গোরস্তান, পুবে রাস্তাঘেঁষা কটি দোকান। চারটি মুদি, দুটি চা-দোকান এবং একটি সেলুন। গোরস্তানকে কেন্দ্র করে, অথবা দোকানগুলোকে কেন্দ্র করে মোড়টা হয়ে উঠেছে উত্তরপাড়ার নাভি। পাড়ার ছেলে-বুড়োরা ঘুরেফিরে রোজ অন্তত একবার হলেও ঢুঁ মেরে যাবেই। ভোরে চাষাভুষারা ভাঁড়া ভাঁড়া তরিতরকারি আর জেলেরা আড়িয়ালখাঁর তাজা মাছ নিয়ে আসে এই মোড়ে। পাইকাররা এসে কিনে পিকআপে ভরে শহরে নিয়ে যায়। নটার আগে বেচাকেনা শেষ হলেও মানুষের আড্ডা শেষ হয় না। দোকানের মাচাঁয় বসে, গোরস্তানের বাউন্ডারির দেয়ালে হেলান দিয়ে, এখানে-ওখানে দাঁড়িয়ে মৌচাককে কেন্দ্র করে মধুপদের মতো ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেয়। ফাল্গুন-চৈত্র মাসে ক্ষেতখামারে তেমন কাজ থাকে না। বেকার সময়ে তাই আড্ডা চলে জবর। মোড়ে এখনো তেমন লোকজন আসেনি। চা-দোকানের চুলায় ধোঁয়া উড়ছে। রাতের কুয়াশায় চুলাটা ভিজে আছে, লাকড়ি-ঘুঁটেগুলোও ওদা। ফলে ধোঁয়া-কুয়াশা একাকার। রাস্তার ওপারে ভাপাপিঠা বিক্রেতা তার টিনের চুলা, হাঁড়ি-পাতিল, ঘটিবাটি নিয়ে বসেছে। এখনো চুলা জ্বালায়নি। গোরস্তানের দেয়ালের পাশে পাড়ার যে দুই তরুণ রোদের অপেক্ষা করছিল, তাদের কাছ থেকে সালাম আশা করেছিলেন এয়াকুবালি। সালাম তো দিলই না, তাঁকে দেখে উল্টো তারা মুখ ঘুরিয়ে নিল। দিনের প্রথম হোঁচটটা খেলেন এয়াকুবালি। তিনি আদিয়াবাদ ইউনিয়নের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, তার ওপর ডাক্তার। সবচেয়ে বড় কথা, তিনি সাবেক স্কুলমাস্টার। আদিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা চল্লিশ বছর মাস্টারি করেছেন। পাশাপাশি কুড়ি বছর ধরে গ্রামবাসীকে চিকিত্সাসেবা দিচ্ছেন। রোগীকে কখনো প্রেসক্রিপশন দিতে গেলে নিজের নাম লেখেন এভাবে:‘মাস্টার মোহাম্মদ এয়াকুবালি ডাক্তার (মুক্তিযোদ্ধা)’। এ ছাড়া উত্তরপাড়ার যে কজন মুরুব্বি আছেন, তাঁদের মধ্যে তিনি একজন। পাড়ার ছেলেমেয়েরা তাঁকে সালাম-আদাব দিতে ভুল করে না। সুতরাং সাতসকালে তাঁকে দেখে দুই তরুণ মুখ ঘুরিয়ে নেওয়ায় হোঁচট তো তাঁর খাওয়ারই কথা। অবশ্য হোঁচটটা এই প্রথম নয়, গত কদিন ধরে মানসিকভাবে তিনি উপর্যুপরি হোঁচট খেয়েই যাচ্ছেন। ফেব্রুয়ারির নয় তারিখ ছিল সেদিন। পড়ন্ত দুপুরে চেম্বারের হাতল চেয়ারটায় বসে পত্রিকা পড়ছিলেন। গ্রামের এক সিএনজি ড্রাইভারকে দিয়ে জেলাশহর থেকে প্রতিদিন তিন টাকা দামের একটা পত্রিকা আনান। শহর থেকে প্রায় বারো মাইল দক্ষিণে আদিয়াবাদের প্রত্যন্ত এই গোরস্তানের মোড়ে পত্রিকাটি পৌঁছাতে কোনোদিন দুপুর হয়, কোনোদিন বিকেল। কোনো কোনোদিন আবার রাত নটা-দশটাও বেজে যায়। পত্রিকা পেতে দেরি হলে মাঝেমধ্যে বিরক্ত হন বটে, কিন্তু কিছু করার থাকে না। ড্রাইভার রোজ কষ্ট করে পত্রিকাটি আনে, এ জন্য তিনি তো তাকে বাড়তি টাকা দেন না; ড্রাইভারের যখন সুবিধা হয় আনবে। যত দেরিই হোক, পত্রিকা না পড়ে তিনি বাড়ি ফেরেন না। রাত বেশি হয়ে গেলে পত্রিকাটা বগলদাবা করে বাড়ি রওনা হন। খেয়েদেয়ে মাঝরাত পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। পড়তে পড়তে কাগজটা বুকের ওপর রেখে কখন ঘুমিয়ে পড়েন, খেয়াল থাকে না। একদিন পত্রিকা না পড়লে নিজেকে কেমন বোকা বোকা লাগে। অবশ্য লাগারই কথা। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশের ভালো-মন্দ খবরাখবর তো তাঁর জানা থাকা দরকার। অবশ্য চাইলে তিনি চা-দোকানের টেলিভিশনেও খবর দেখতে পারেন। ডিশলাইন তো সেই কবে এসেছে গ্রামে। দশ-বারোটা চ্যানেল ঘণ্টায় ঘণ্টায় সংবাদ দেয়। কিন্তু আমজনতার সঙ্গে বসে টিভি দেখাটা তাঁর পোষায় না। বড়জোর দোকানের বাইরে দাঁড়িয়ে সন্ধ্যা সাতটার সংবাদটা দেখেন, এই যা। চেম্বারে কাঁঠালকাঠের বার্নিশ করা চেয়ারটায় বসে সারা দিন পত্রিকা পড়েন। প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত কিছু বাদ দেন না। এমনকি বিনোদন পাতাও না। পত্রিকায় পড়ার মতো আর কিছু না থাকলে ওষুদের তাক থেকে ‘মকসুদুল মোমেনিন’ বা ‘বেহেশতি জেওর’ কেতাবখানা নামিয়ে পড়া শুরু করেন। রোগী আসে না তেমন। এলোপ্যাথিকের এই যুগে কজনই-বা হোমিওপ্যাথিকে আস্থা রাখে? তারপরও চেম্বারের লম্বা টুলটাতে সবসময় দু-চারজন লোক বসা থাকে। বেশির ভাগই পাড়ার বেকার বুড়ো। চিকিত্সা নিতে নয়, ডাক্তারের কাছে তারা দেশ-দুনিয়ার হালহকিকত জানতে আসে। বিকেলে কলেজপড়ুয়া তরুণ বা বেকার যুবকরাও আসে পত্রিকা পড়তে। গল্পগুজব করতে বা পত্রিকা পড়তে আসা ছেলেবুড়োদের কারও কারও গ্যাস্ট্রিকের ব্যারাম আছে। এলোপ্যাথিকে বিফল হয়ে হোমিওপ্যাথিকেই তাদের ভরসা। ভরসাটা অবশ্য ডাক্তার এয়াকুবালিই জাগিয়ে তুলেছেন। রোগীদের তিনি সাবধান করে দেন, গ্যাস্ট্রিকে ট্যাবলেট-ক্যাপসুল বেশি খেলে আলসার হওয়ার সম্ভাবনা বেশি। আর আলসার মানেই ক্যান্সার। সে ক্ষেত্রে এসব রোগের জন্য হোমিও অনেক নিরাপদ। নো এনি সাইড ইফেক্ট। এর বাইরে উত্তরপাড়া বা দক্ষিণপাড়ার হতদরিদ্র নারী-পুরুষ, সর্দি-কাশি-দাউদ-একজিমা বা বাত-বেদনায় যাদের ট্যাবলেট-ক্যাপসুল কিনে খাওয়ার তৌফিক নেই, ডাক্তার এয়াকুবালির চেম্বার তাদেরও মোটামুটি একটা ভরসার জায়গা। তিনবেলা পুরিয়া বা মিষ্টি মিষ্টি বড়ি খেয়ে মোটামুটি আরাম বোধ করে। সেদিন উত্তরপাড়ার কলেজপড়ুয়া সুমন এল ডাক্তার এয়াকুবালির চেম্বারে। ছেলেটাকে দেখলে ডাক্তারের শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে। মাথায় কোঁকড়া চুল, কানের লতি পর্যন্ত জুলফি, বাঁ হাতে একটা কালো ব্রেসলেট। সুরত-শেকলে কেমন মাস্তান মাস্তান ভাব। নামটাও যেন কেমন—অনার্য সুমন। বড় অদ্ভুত লাগে এয়াকুবালির। অনার্য কি কোনো মুসলমানের নাম হতে পারে? বহু চিন্তা করেও এই নামের অর্থ খুঁজে পাননি। সুমন টুলে বসতেই এয়াকুবালি মুচকি হেসে পত্রিকাটা তার দিকে এগিয়ে দিলেন। বাঁ হাতে চশমাটা ঠিক জায়গায় বসিয়ে বললেন—দেহো দেহো, পইড়া দেহো কেমুন বেবাক নয়া নয়া খবর! ‘থ্যাঙ্কু’ বলে পত্রিকাটা হাতে নিয়ে হেডলাইনে চোখ বুলায় সুমন। আধা পৃষ্ঠাজুড়ে একটা ছবি। হাজার হাজার মানুষ, তাদের উঁচিয়ে রাখা মুঠোমারা হাত। ছবির ওপর লাল রঙের বিশাল হেডলাইন, ‘রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার শপথ।’ শীর্ষ খবরের কয়েক লাইন পড়ে আচমকা ‘জয় বাংলা’ বলে হাঁক দিয়ে উঠল সুমন। এয়াকুবালি পা দুটি চেয়ারের ওপর তুলে দু-হাঁটু জোড়া করে আরামসে বসা ছিলেন। সুমনের হাঁক শুনে পা দুটি নামিয়ে নাক কুঁচকিয়ে ঠোঁট বাঁকিয়ে চশমার ফাঁকে তার দিকে তাকালেন। —কী অইল? পত্রিকার প্রথম পৃষ্ঠাটা উল্টে এয়াকুবালির চোখের সামনে ধরল সুমন। উত্ফুল্ল কণ্ঠে বলল, হা হা... দেখছেননি, কাহা? —হু। দেহুম না ক্যারে? দেকছি ত। —দেকছেন, ঢাহার শাহবাগে কী ঘটনাডা ঘটছে! জাইগ্যা উঠছে নয়া প্রজন্ম...হা হা...। —অ! তা তোমার এত মউজ ক্যারে? —খুশি অইতাম না, কাহা! রাজাকার কাদের মোল্লার ফাঁসির দাবিতে লাখ লাখ মানুষ প্রজন্ম চত্বরে জমায়েত অইছে, খুশি অইতাম না? হা হা... জয় বাংলা। এয়াকুবালির ওপরের ঠোঁটের বাঁ দিকটা বাঁকা হয়ে নাকের সঙ্গে ঠেকল। কুঁচকে গেল ভুরু দুটিও। এক মুহূর্ত চুপ থাকলেন, তারপর বললেন—আইচ্ছা, কাদের মোল্লা রাজাকার আছিল তুমি জানলা ক্যামনে? তুমি দেখছনি? সুমন কিছুটা বিব্রত। মুখের হাসিটা হ্রস্ব হতে লাগল। বলল, এইডা কী কইলেন, কাহা! দেহা না দেহার কী আছে? কুখ্যাত রাজাকার কাদের মোল্লার কতা কেডা না জানে! —অ! তুমিও ত তাইলে মুক্তিযোদ্ধা আছিলা, ঠিক না? —এই দেহো, কাহার কেমুন কতা! তহন আমার জন্ম অইছে নাকি! আমি ত বই-পুস্তকে পড়ছি। —তা কোন বই-পুস্তকে লেহা আছে কাদের মোল্লার কতা? পত্রিকাটা ভাঁজ করে জানুর ওপর রেখে এয়াকুবালির দিকে তীক্ষচোখে তাকাল সুমন। বলল, পেপার-পত্রিকায় তারে লইয়া কত খবরই ত বারইছে। দেহেন না টিভির টকশোতে মুক্তিযুদ্ধে হের আকাম লইয়া কত কতা হয়। এয়াকুবালি ডান হাতের কনুইটা চেয়ারের হাতলে রেখে স্বগতোক্তি করলেন—টকশো না ঠকশো! তারপর নরম গলায় বললেন—হোনো, পেপার-পত্রিকায় সব যে হাছা লেহা অয়, কী কইরা বুঝলা? একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একাত্তরে কাদের মোল্লা নামের কোনো রাজাকারের নাম তো হুনি নাই। জুতসই জবাব খুঁজে পেল না সুমন, করুণ চোখে এয়াকুবালির মুখের দিকে তাকিয়ে রইল। একজন মুক্তিযোদ্ধার মুখে এমন কথা শুনলে কী জবাব দেয়ার আছে তার! এয়াকুবালি কিছু একটা বলার জন্য মুখ হাঁ করতেই সুমন বলল—তহন ত কাহা তেমুন পত্রপত্রিকা আছিল না, আমনে হুনবেন ক্যামনে? এ ছাড়া আমনে ত হগল সুময় কইন, আমনে নোয়াখালী এলাকায় গেরিলা ফাইট করছেন। ঢাহার মিরপুরের রাজাকার-আলবদরদের কতা ত আমনের না হোনারই কতা। একটু বেকায়দাতেই পড়ে গেলেন বুঝি এয়াকুবালি! মাথাটা একবার এদিক-সেদিক নাড়িয়ে মুখে চুক-চুক শব্দ করে বললেন—হোনো, অইতারে হেইলায় রাজাকার আছিলেন। দেশের হাজার হাজার মানুষ তো আর মিছা কইতাছে না। কিন্তু একটা কতা আছে, বাবা। হেইলায় আল্লাঅলা মানুষ, নিয়ম কইরা পাঁচ অক্ত নমাজ পড়েন। গেছে বিয়াল্লিশ বছর ধইরা যে এবাদত-বন্দেগি করছেন, তার অছিলায় আল্লা যে তার গত জীবনের গুনাখাতা মাফ কইরা দেন নাই, তুমি হেইডা কইবা কেমনে? এয়াকুবালির যুক্তির জালে আটকা পড়ছিল সুমন, সেই সুযোগ না দিয়ে সে জোর গলায় বলল—কিন্তু কাহা, বান্দা ত তারে মাফ করে নাই! আগে তো বান্দার মাফ পাইতে অইব, নাকি? এয়াকুবালির চোখ দুটি লাল হয়ে উঠছে। ভেতরে হয়তো ফুঁসছেন। রাগ দমিয়ে নরম সুরে বললেন—হোনো এইত্তা লইয়া ভাবনা-চিন্তা করা তোমরার কাম না। ঘরে গিয়া লেহাপড়া করো। তোমার না সামনে ফাইনাল পরীক্ষা? মাথাটা একবার ওপর-নিচ দোলাল সুমন। যেন কিছু একটা বুঝতে পেরেছে। পত্রিকাটা টেবিলের ওপর রেখে সোজা হয়ে দাঁড়াল। চোখের চাউনি তীক্ষ। ডান হাতের তর্জনীটা একবার এয়াকুবালির মুখের সামনে ঘুরিয়ে চড়া গলায় বলল—বিয়াল্লিশ বছর ধইরা অনেক উপদেশ দিছেন কাহা, আর না। এক মুহূর্তও দাঁড়াল না সুমন, লম্বা পা ফেলে চেম্বার থেকে বেরিয়ে গেল। এয়াকুবালির মাথাটা ঝাঁ-ঝাঁ করে উঠল। পুচকে ছেলেটার, নাক টিপলে যার এখনো দুধ বেরোবে, এই বেয়াদবি কি সওয়া যায়? ঘাড় কাত্ করে থির বসে থাকেন এয়াকুবালি। চোখ দুটো জ্বলছে। ময়মুরুব্বির সাথে এত বড় বেয়াদবি! না, কিছুতেই মানা যায় না। ছেলের বাপের কাছে নালিশ করতে হবে। ঝটপট টেবিলের ড্রয়ারের তালা লাগালেন তিনি। চেয়ার ছেড়ে উঠতে যাবেন, কী ভেবে আবার হেলান দিয়ে বসলেন। মন বলল, বিষয়টা নিয়ে কথা বাড়ানো ঠিক হবে না। হিতে বিপরীত হতে পারে। ভাঁজ করা পত্রিকাটা টেবিলের ওপর মেলে ধরলেন এয়াকুবালি। শিরদাঁড়া টন টন করছে। বহু বছর ধরে এই রোগে ভুগছেন। পত্রিকার উপসম্পাদকীয় পাতার নিবন্ধটা পড়তে চাচ্ছেন, কিন্তু মন বসাতে পারছেন না। সুমনের কথাটা চরকির মতো মাথায় ঘুরছে। ইচ্ছে করছে কাউকে ডেকে তার এই বেয়াদবির কথাটা বলে মনটা হালকা করতে, কিন্তু তেমন কাউকে খুঁজে পাচ্ছেন না। এই গোরস্তানের মোড়ের সব মানুষকে তাঁর প্রতিপক্ষ বলে মনে হয়। সুমন বেরিয়ে যাবার পর আরও দুজন এসেছে চেম্বারে। পত্রিকার হেডলাইনে চোখ বুলিয়ে তারাও ‘জয় বাংলা’ বলে হাঁক দিল। অস্বস্তি লাগলেও কিছু করার থাকল না তাঁর। চেয়ারে পা তুলে আগের মতো ঘাড় কাত্ করে ঘণ্টা দুয়েক চুপচাপ বসে থাকলেন এয়াকুবালি। গোধূলির সূর্য লাল রং মেখেছে গায়ে। চেম্বার থেকে গোল সূর্যটা ্পষ্ট দেখা যায়। সেদিকে তাকিয়ে আছেন তিনি। ভাবছেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে কাদের মোল্লার পক্ষে কথা বলাটা তাঁর উচিত হলো? তাও কিনা নাতির বয়সী একটা ছেলের সঙ্গে! নিজের সঙ্গে দারুণ এক দ্বন্দ্বে লিপ্ত হন তিনি। তারপর আবার ভাবেন, যাক, যা হয়েছে তো হয়েছে। মাটিতে ফেলা থুতু আবার মুখে তোলেন কী করে। এয়াকুবালি ভেবেছিলেন ঘটনাটা বেশি দূর গড়াবে না, তাই মন তাঁর কিছুটা সুস্থির হয়ে আসছিল। তখন সন্ধ্যা। মাগরিবের নামাজ পড়ে মাত্র চেম্বারে এসে বসলেন, চা-দোকানের সামনে হঠাত্ শোরগোল শোনা গেল। কান খাড়া করলেন তিনি। উত্তরপাড়া মসজিদ কমিটির সেক্রেটারি রায়হান সরকারের গলা। রাজাকার-আলবদরদের চৌদ্দ গোষ্ঠী ধরে গালিগালাজ করছে। কোমর সোজা করে বসলেন এয়াকুবালি। দাঁড়ায় ব্যথাটা বাড়ছে ধীরে ধীরে। রাত বাড়ার সঙ্গে ব্যথাটাও বাড়ে। তবে ব্যথাটা এখন অতটা টের পাচ্ছেন না। হাত-পা ঝিনঝিন করছে। সুমন কি তবে কথাটা রায়হানকে বলেছে? রায়হান কি কথাটা নিয়েই চিল্লাচিল্লি করছে? বাইরে যাবার জন্য উঠে দাঁড়ালেন এয়াকুবালি, কী ভেবে দরজার সামনে থেকে ফিরে আবার চেয়ারে বসে পড়লেন। দোকানের সামনে হইচই বাড়ছে। কী নিয়ে এত হইচই ভালোমতো বোঝার চেষ্টা করলেন। দূর থেকে সব কথা পষ্ট শোনা যাচ্ছে না। আবার উঠে দাঁড়ালেন এয়াকুবালি। চেম্বার থেকে বেরিয়ে হাত দুটি পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে ধীরপায়ে চা-দোকানটার সামনে এসে দাঁড়ালেন। পনেরো-কুড়িজন ছেলে-বুড়োর জটলা। তাঁকে দেখে মুহূর্তে সবাই নীরব। সুমন একবার তাঁর দিকে তাকিয়ে চোখ সরিয়ে গলাখাকারি দিয়ে থুতু ফেলল। আসল ঘটনা বুঝতে সময় লাগল না এয়াকুবালির। হাত দুটি পাঞ্জাবির পকেট থেকে বের করে বললেন—আমি ত খারাপ কিছু কইনাই রে, বাবা। সামনে পোলাডার পরীক্ষা। কইলাম বাড়িত গিয়া পড়া লেহা করতে। অমনি হেয় ক্ষেইপ্পা গেলগা। কারও মুখে রা নেই, আগের মতো সবাই নীরব। দোকানে কাপ-চামচের টুংটাং শব্দ। খানিক পর রায়হান বলল—কথাডা আমনের ঠিক অয় নাই, কাহা। আমনের কাছেত্তে এমুন কতা আশা করি নাই আমরা। আমনের মাফ চাওয়া উচিত। গত বিয়াল্লিশ বছরে এমন কথা কেউ বলেনি এয়াকুব মাস্টারকে—তাঁর বিস্মিত মুখ দেখে তা বোঝা যায়। চোখ দুটি রাগে জ্বলছে, ওপরের ঠোঁটের বাঁ দিকটা বেঁকে গেছে। —তা কার কাছে মাফ চাউন লাগব, হুনি? জবাব দিল না রায়হান। এককাপ চা দিয়ে গেছে দোকানদার, গরম চায়ে ঘন ঘন ফুঁ দিচ্ছে। এয়াকুবালি বললেন, তোমরা সবাই মিলে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করছ। চায়ে চুমুক দিতে যাচ্ছিল রায়হান, কাপটা ডান হাতে ধরে বলল—গতর পইরা অপমান নিতে চাইলে কেয়র কিছু করার নাই। এয়াকুবালির চোখ দুটি আরও জ্বলজ্বলে হয়ে উঠল। বাঁ হাতের বুড়ো আঙুলে একবার ডান গালটা চুলকে নিয়ে বেশ বিদ্রুপের সুরে বললেন—হোনো, এত ফাল মাইরো না। সময় ত ফুরাইয়া আইছে। হের পরে? ডাক্তার কী বোঝাতে চাইছেন, বুঝতে দেরি হলো না রায়হানের। তাকে আর কে রোখে! সে রাজনীতি করে বটে, কিন্তু গ্রামে নয়। গ্রামের কারও সঙ্গে সে কখনো দলীয় ক্ষমতা দেখায় না। এয়াকুবালি অযৌক্তিকভাবে রাজনীতি টেনে আনায় মেজাজ চড়ে গেল তার। উত্তেজিত কণ্ঠে বলল—আমনেরে এনো ডাকছে কেডা? যাইন, আমনের চেম্বারে যাইন। —ক্যা, গোরস্থানের মোড় তোমার বাপের কিনা? কথাটা মুখ থেকে ফেলা মাত্র হৈ হৈ করে উঠল লোকজন—এইডা কেমুন কতা? মুরুব্বি মুরুব্বির মতো থাহুন যায় না? পোলাপানগর লগে উলডা-পালডা কতা কওনের কী দরকার? ধুত্তরি, মুরুব্বি—আবোল-তাবোল বকতে শুরু করলেন এয়াকুবালি। আমারে রাজাকার চিনাও? পঁচিশ বছর বয়সে যুদ্ধে গেছি, আমি রাজাকার চিনি না! বেয়াদব কোন জায়গার! সমবয়সী দুজন মিলে তাঁকে টানতে টানতে সেদিন চেম্বারের দিকে নিয়ে গিয়েছিল, নইলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে একটি বেফাঁস কথা এয়াকুবালিকে এই উত্তরপাড়ায় অনেকটা একঘরে করে ফেলবে, সেটা তিনি বুঝতে পারেননি। মান-ইজ্জত নিয়ে বুড়ো বয়সে ভালোই তো ছিলেন গ্রামে। কেন যে বাজে কথাটা বলে বসলেন! চেম্বারে আগের মতো কেউ পত্রিকা পড়তে আসে না, সমবয়সী কেউ কেউ এলেও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তিনি কথা ওঠাতে চাইলে তারা এড়িয়ে যায়। সেদিন গ্রামের নূরানি মাদ্রাসার শিক্ষক হাফেজ মনিরুজ্জামান এসেছিলেন চেম্বারে। চা-বিস্কিটের অর্ডার দিলেন ডাক্তার। দু-কাপ চা রেখে গেল দোকানদার, সঙ্গে দুটি বেলাবিস্কুট। এয়াকুবালি বললেন—বুঝলেন ভাই, পোলাপানের আন্দোলনে যুক্তি আছে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে হেগর আন্দোলনে আমার ছাপোর্ট না থাহার কোনো কারণ নাই। কিন্তু আন্দোলনের কায়দাটা আমার পছন্দ অয় নাই। রাস্তাঘাড আটকাইয়া মাইনষেরে কষ্ট দিয়নের মানে আছে? এমনিতেই ঢাহা শহরের জ্যামে মানুষ নাকাল। নাচাকুদা করতে চাইলে লগে মাট আছে, হেনো গিয়া করো! না কি, ভাই? মুচকি হাসলেন হাফেজ মনিরুজ্জামান। চা খেয়ে পান মুখে দিয়েছিলেন। বাইরে পিক ফেলে এসে বললেন—নাচাকুদা লফজটা ঠিক অইল না, ভাইসাব। পোলাপানেরা রাজাকারগর ফাঁসি চাইয়া আন্দোলন করতাছে, হেনে নাচাকুদার কী দেখলেন আমনে? আরেকবার পিক ফেলতে বাইরে গেলেন মনিরুজ্জামান। ভেতরে এসে আর বসলেন না। চাদরটা কাঁধে ঝুলিয়ে বললেন—যাই, ভাইসাব। রাধাগঞ্জ বাজারে এট্টু কাম আছে। এয়াকুবালি আরেকবার হোঁচট খেলেন। মৌলবি-মৌলানারাও কিনা রাজাকারদের ফাঁসির পক্ষে! হোঁচটের পর হোঁচট খেতে খেতে মনটা তাঁর বেজায় খারাপ হয়। কদিন ধরে পাড়ার ছেলেপেলেরা তাঁকে পাত্তা দিচ্ছে না, এখন বুড়োরাও! কী সময় এল, সব কেমন যেন ওলট-পালট হয়ে যাচ্ছে। ওলট-পালট বটে। সব কিছুতেই ওলট-পালট। ফাল্গুন প্রায় শেষের দিকে। প্রকৃতিতেও দারুণ ওলট-পালট। যায় যায় করছে শীত। উত্তরের বাতাস চক্রাকারে ঘুরছে। কখনো পশ্চিম থেকে পুবে, কখনো দক্ষিণ থেকে উত্তরে বইছে। সেদিন বিকেলে আড়িয়ালখাঁর চরে গরু আনতে গেলেন ডাক্তার এয়াকুবালি। তিন ছেলের কেউ বাড়ি নেই কদিন। বড় ছেলে গেছে শ্বশুরবাড়ি, ছোট দুজন ঢাকার শাহবাগে। বড়জন যাওয়ার সময় বাবাকে বলে গেছে, ছোটরা একবারও বলে যাওয়ার দরকার মনে করেনি। পুরো সংসারের ভার এখন বুড়ো বাপের ঘাড়ে। শিরদাঁড়ার ব্যথাটা আগের চেয়ে বেড়েছে। ব্যথায় ঠিকমতো ঘুম হয় না রাতে। বেশি হাঁটাহাঁটিও করতে পারেন না, খানিকটা পথ হাঁটলে ব্যথাটা বাড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে গাই দুটিকে খুঁজে বেড়াচ্ছেন এয়াকুবালি। ডজন ডজন গরু চরে বেড়াচ্ছে, কিন্তু তার গাই দুটির পাত্তা নেই। কোথায় কোন ঝোপঝাড়ের আড়ালে চরে বেড়াচ্ছে, কে জানে! নদীর তীর ধরে পশ্চিমে হাঁটতে থাকেন তিনি। বসন্তের ঝকঝকে আকাশ। পশ্চিম থেকে পুবে বইছে বাতাস। ওপারের চরে মাঝেমধ্যে ধুলোঘূর্ণি উঠছে। ধুলোবালি ঘুরতে ঘুরতে শূন্যে পাক খাচ্ছে। এয়াকুবালি খেয়াল করলেন, উজানের আকাশে ঘুড়ির মতো কী একটা উড়ছে। বয়সী চোখে ঠিক ঠাওরে আসছে না। কপালে হাতের তেলো ঠেকিয়ে জিনিসটা ঠাওরে আনার চেষ্টা করলেন। না, ঘুড়ি নয়, বেলুনের মতো গোল কিছু একটা। উড়তে উড়তে পুব দিকে আসছে। এয়াকুবালি পশ্চিমে হাঁটতে থাকেন। উড়ন্ত জিনিসটা ধীরে ধীরে আরও কাছে আসতে থাকে। এয়াকুবালি আবার কপালে তেলো ঠেকান। জিনিসটা এবার ভালোভাবে ঠাওরে আনতে পারলেন। হ্যাঁ, একটা নীল বেলুন বটে। কোত্থেকে আসছে বেলুনটা? কে জানে, জেলাশহরের কোনো বড়লোকের ছেলে হয়তো শখের বসে উড়িয়ে দিয়েছে। কিংবা বাসার ছাদে খেলারত কোনো মেয়ের হাত থেকে খসে গেছে। এয়াকুবালি হাঁটতে থাকেন, শিরদাঁড়ার ব্যথাটা বাড়তে থাকে। বেলুনটা ধীরে ধীরে আরও কাছে আসছে। এবার তিনি খেয়াল করলেন, বেলুনের মুখে সুতায় বাঁধা একটা কাগজ। থমকে দাঁড়ালেন তিনি। ভারি অবাক কাণ্ড! গতকালের পত্রিকায় একটা সংবাদ পড়েছিলেন, মুক্তিযুদ্ধে শহীদদের উদ্দেশে চিঠি লিখে বেলুনে ওড়াবে শাহবাগে আন্দোলনকারী তরুণরা। বেলুনটা তবে শাহবাগ থেকে আসা? কে জানে, হলেও হতে পারে। পশ্চিমের বাতাস হয়তো বেলুনটাকে পুবে তাড়িয়ে এনেছে। বেলুনটা ক্রমে নিচে নামতে থাকে। হয়তো নদীর ওপারে পড়বে, অথবা মাঝখানে। এ-পারের মাঠে তেমন লোকজন নেই। পশ্চিমে নদীর বাঁকে একদল ছেলেমেয়ে ছোটাছুটি করছে। হৈ-হল্লা ভেসে আসছে বাতাসে। বেলুনটা হয়তো তাদের নজরে পড়েনি। পড়লে এতক্ষণে ইঁদুর দৌড় শুরু হতো তাদের। উড়তে উড়তে বেলুনটা শেষপর্যন্ত নদীর এপারে একটা আকন্দ ঝোপের ওপর পড়ল। এয়াকুবালি সন্তর্পণে ঝোপের দিকে এগিয়ে গেলেন। বেলুনটার প্রতি কোনো আগ্রহ নেই তাঁর, আগ্রহ তাঁর চিঠিখানার প্রতি। বেলুনটা তুলে নিতে গিয়ে হঠাত্ সোজা হয়ে দাঁড়ালেন। শিরদাঁড়াতে কেমন টান টান লাগল। কেন যেন ভয় ভয় লাগছে। একটা উড়ে আসা বেলুনে ভয় কেন, বুঝতে পারছেন না ঠিক। চারদিকে একবার চোখ বুলিয়ে নিলেন। না, কোথাও কেউ নেই। ঝোপের কাঁটার ঘায়ে ফেটে গেছে বেলুনটা, সুতোয় বাঁধা চিঠিখানা ঝুলে আছে একটা আকন্দের ডালে। চিঠিসহ ফাটা বেলুনটা তুলে নিলেন এয়াকুবালি। ধবধবে সাদা কাগজে এক পাতার একটা চিঠি। গোটা গোটা হাতের লেখা। ঝোপের আড়ালে দাঁড়িয়ে চিঠিখানা পড়তে শুরু করলেন এয়াকুবালি—‘প্রিয় বীর শহীদেরা, মুক্তিযুদ্ধের সময় সারা বিশ্ব দেখেছে তোমাদের বীরত্ব। এখন ওই দূর আকাশে বসে তোমরা আমাদের যুদ্ধ দেখ। তোমরা দিয়েছ স্বদেশ। সেই প্রিয় স্বদেশভূমিকে যুদ্ধাপরাধীমুক্ত করার যুদ্ধ এখন আমাদের। এ দেশের আর ভয় নেই, আমরা জেগে উঠেছি...’ চিঠিখানা পড়তে পড়তে এয়াকুবালির শ্বাস-প্রশ্বাস ঘন হয়ে আসে, ভারী হয়ে আসে বুকটা, ঝাপসা হয়ে আসে চোখের পাতা। একটানে চিঠিখানা পড়ে শেষ করে উদাস চোখে খোলা আকাশের দিকে তাকালেন। বাতাসে উড়ছে তাঁর পাঞ্জাবির পেছনটা। চোখ দুটি কান্নাভেজা, ঠোঁট দুটি কাঁপছে তিরতির। হঠাত্ কী যে হলো তাঁর, ডান হাতের মুঠো খিঁচে, কণ্ঠের সমস্ত শব্দ একত্র করে হাঁক ছাড়লেন—জয় বাংলা। দূরে নদীর বাঁকে হৈ-হল্লা করে ছুটে বেড়াচ্ছে ছেলেগুলো। সেদিকে একবার তাকালেন এয়াকুবালি। গলার মোটা রগটি টানা টান হয়ে ওঠে। জোরসে তিনি আবারও হাঁক দিলেন—জয় বাংলা! চিঠিখানা মুঠোয় চেপে ধরে হুহু স্বরে কাঁদতে লাগলেন এয়াকুবালি। তাঁর মাথায় এখন বিয়াল্লিশ বছর আগেকার স্মৃতির তুফান। এক নিদারুণ যন্ত্রণা তাঁকে দুমড়ে-মুচড়ে দিচ্ছে। বুকের ভেতর অব্যক্ত হাহাকার। কিছুক্ষণ আগেও শিরদাঁড়ার ব্যথাটা অসহ্য লাগছিল। ব্যথাটা এখন আর নেই। উষ্ণ রক্তস্রোত বয়ে যাচ্ছে দাঁড়ার ওপর থেকে নিচে। তাঁর এখন ইচ্ছে করছে অনার্য সুমনের কাছে গিয়ে বলতে—আমারে শাহবাগ লইয়া যাবি রে, বাবা সুমন?