কবিতা ও কবিতাভাবনা

‘কবিতা, ভাষ্স্বাধীনতার একরোখা পিপাসা’

মানুষের ভাব-ইতিহাসে এক অতি রোমান্টিক ‘আমি’ সভ্যতার নানান ঘাত-প্রতিঘাত ও উত্থান-পতনের ভেতর দিয়ে জন্ম নিয়েছিল। তার মধ্যে দ্রোহ যেমন আছে, তেমনি আছে মানবিকতার স্পর্ধা, আছে স্বাধীনতার একরোখা পিপাসা। বস্তুর লোভের কামনার অধিকারের পীড়নের দুনিয়ায় সে মানুষের চিত্ বা চেতনাকে জয়ী করাতে চায়। কবিতা সেই ‘আমি’কে নিরন্তর বিনির্মাণ করে চলে। কবিতা স্বয়ম্ভূ। আখ্যান বা উপাখ্যান ভাষাকে অবলম্বন করে একটা সারমর্মে পৌঁছাতে চায়। কবিতা নিজেই ভাষা। তার মর্মও সে নিজেই। সে অঙ্গ এবং উপাঙ্গ। রূপ ও অরূপ। কবিতা গন্তব্যবিহীন। সে কোনো রেখায় চলে না। জীবনের মতোই, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সে কেবল যায় না, একবার যায় আবার ফেরে, সহসা ফের অন্যদিকে তার যাত্রা। ভাষা তার অবলম্বন নয়, ভাষাই তার গন্তব্য। কবিতার শেষে ভাষার একটি চূড়ান্ত স্মারক পড়ে থাকে। কিন্তু কবি ভাষাকে সুবিন্যস্ত নিয়ন্ত্রিত সামাজিক করে রাখতে নারাজ। দৃশ্যকে বদলে না দিলে তার হয় না। তাই তার ইচ্ছা করে ‘ঘাসের ঘ্রাণ হরিত্ মদের মতো গেলাশে-গেলাশে পান’ করতে। ভাষামাতার স্তন্যই শুধু নয়, তার হাড়মাংস ছিঁড়ে খেয়ে সে শক্তি জোগাবে নিজের। এতকাল রীতি-নীতিতে বিধি-নিষেধে আইনের জোরে ধমকে শাসনে যে মানুষ পরাধীন হয়ে ছিল, সে এখন সবকিছু থেকে মুক্তি চায়। তার জন্য প্রধান হাতিয়ার ভাষা। গদ্য কথাসাহিত্য কিছুই আর কাউকে এই স্বেচ্ছাধীন প্রকাশের অধিকার দিতে পারে না। কবি অদম্য, বেপরোয়া, দিগ্বিদিক যাত্রার গতিতে উন্মাদনায় নির্লিপ্ত প্রমত্ততায় বোধের এক চরম ও পরম বিন্দুতে থরথর কেঁপে ওঠে। ইতিহাস-মিথ-লড়াই-জয়-পরাজয়-ব্যর্থতা-বেদনার জোয়ারে ফেনায় কবিতার তরণী ভেসে চলে; জলে নয়, মাটির ধারে-কাছেও নয়, একেবারে নভোশূন্যে; শর্ত, সূত্র আর শৃঙ্খলার সীমা ছাড়িয়ে ভাষা সে শূন্যে দীপ্তিমণ্ডল হয়ে আছে। যারা ডাক দিয়ে যায় যারা ডাক দিয়ে যায় তারা আর শুনতে আসে না কেউ সাড়া দিল কি না অতলধ্বনির ভূমি ফুঁড়ে সাজানো মরণশয্যা, ক্রুশের চাদর মাটিতে লুটিয়ে কেউ গেয়ে উঠল কি না প্রেমের অন্তিম গান সাপিনীর সুরেলা ফোঁসফোঁসে যারা ডাক দিয়ে যায় তারা আর দেখতে আসে না ছলকে ওঠা রূপারূপা ঢেউয়ে তামাটে পানসিখানা ভেসে গেল কি না মুহূর্ত দু-চারটে সোনালি মুহূর্ত ধানের গোলার থেকে তুলে নিয়ে উঠানে বিছাল কেউ রোদে অতঃপর ছাল তুলে তুলে বিকেল ওড়াবে তাকে বাদামি ডানায় ভাবের গল্পের রাতে মায়াচাঁদোয়ার নিচে ঠোঁট মেলবে ফের পিপাসায় হত্যার চিরকুট বন্ধু এসে গুলি ছুড়ে গেল হূদিপণ্ডে ক্ষতখানা চেপে তরীতে উঠলাম আকাশ-জমিনজুড়ে তার ছায়া দীর্ঘতর পাশে পাশে হাঁটে আর রক্তে ও অশ্রুতে নদী জাগাল জোয়ার নভোলীন অন্ধকারের ভেতর বসে থাকলে আমাদের শরীর কখনো জ্যোতির্মণ্ডল হয়ে ওঠে, যদি খোলা থাকে চোখ সবজু-হলুদ-লাল নানা রং তীব্র বেগে রেখা রেখা ধরে আসা-যাওয়া করে, স্বপ্ন তখন ঠিক বাছুরের মতো জননী-গাভীর লেহন-আকাঙ্ক্ষায় চুপ করে শোয়, দিনের আলোর রং বদলে যায়, লাঙলের ফলা—কর্ষণের প্রভু—মাটির হূদয়ের কাছে হেরে গেলে আষাঢ়-শ্রাবণের মেঘমণ্ডলের নিচে গুমড়ে গুমড়ে কাঁদে, এসব হিসেব-নিকেশের বাইরে নানা জল নানা বিল নানা দেশ হাহাকার হয়ে আছে... আর আমরা কেবলই এক দূরাগত বাঁশির সুর শুনে চলেছি