টিভি লাইভে দূরবীন

বিভিন্ন ধারার গানের দল দূরবীনের নতুন লাইনআপে তাদের টিভি লাইভ হয়নি খুব একটা। দলগত চেষ্টার পাশাপাশি সদস্যদের ব্যক্তিগত ক্যারিয়ারের তাগিদটাও যে এখানে প্রকট। এরই ভেতর রুমী আর কাজী শুভ দল থেকে বের হয়ে গেছেন বা বের করা হয়েছে এ নিয়েও কিছুটা ধুম্রজাল আছে। তবে তরুণ মিউজিশিয়ানদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হঠাত্ ঢাকায় আসা ছেলেমেয়েদের জন্য একটি নিশ্চিত আশ্রয় হিসেবে ব্যন্ডটির দলনেতা সৈয়দ শহীদ তার দলকে বেশ ভালোভাবে গড়ে তুলেছেন। সেই ধারবাহিকতায় দীর্ঘদিন পর দূরবীন ব্যান্ড দলটি তাদের নতুন লাইন আপে টিভি লাইভ কনসার্টে অংশ নিতে যাচ্ছেন সম্প্রতি। আজ রাত ১১টা ৩০ মিনিটে এনটিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে গাইবেন এই ব্যান্ডদলটি। আজকের কনসার্ট প্রসঙ্গে হালের জনপ্রিয় গায়ক শহীদ বলেন, ‘আজকের কনসার্টটি দূরবীন তাদের নতুন লাইনআপে নতুনভাবে আসছে। এখানে আমরা যে গানগুলো সচরাচর গাই না। সেগুলোই গাইবার চেষ্টা করব। আশা করছি, দর্শকদের জন্য উপভোগ্য একটি কনসার্ট উপহার দিতে পারব।’