ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাংলার কবিদের আবৃত্তি আড্ডা

মোহাম্মদ আরজু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

ত্রিপুরার বিশিষ্ট কবি ও বাচিকশিল্পী সুতপা রায়ের ব্রাহ্মণবাড়িয়ায় আগমনে আবৃত্তি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ এপ্রিল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ আবৃত্তি আড্ডা অনুষ্ঠিত হয়। তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে এ কর্মসূচি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথমপর্বে বাচিকশিল্পী সুতপা রায় তিতাস আবৃত্তি সংগঠনের প্রশিক্ষণার্থীদের নিয়ে দেড়ঘণ্টার আবৃত্তি কর্মশালা পরিচালনা করেন। এ সময় তিনি কথা ও কবিতায় আবৃত্তিশিল্পীদের করণীয় সম্পর্কে আলোচনা ও প্রশিক্ষণ দেন। দ্বিতীয় পর্বে আবৃত্তিশিল্পী সুতপা রায় সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি, নারীর ক্ষমতায়ন ও মানবতার জয়গানে পরপর বেশ কয়েকটি আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন। এ সময় শিল্পীকে পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়। সুতপা রায় বলেন, ‘রাজনৈতিক কারণে আমরা দু-দেশের বাসিন্দা হলেও আমরা ভাষা-আবেগ-ভালোবাসায় এক। কাঁটাতার আমাদের কবিতার উচ্চারণ ও সম্প্রীতির বন্ধনকে কখনো আলাদা করতে পারেনি, পারবে না। আমরা মানুষের পক্ষে, মানবতার পক্ষে আবৃত্তির মাধ্যমে জাগরণ চাই। এই জাগরণে মানুষের পাশে মানুষ দাঁড়াবে। সকল অশুভ শক্তির বিরুদ্ধে কবিতার সংগ্রাম আমরা চালিয়ে যাবো।’ অনুষ্ঠানে আরো একক আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী রোকেয়া দস্তগীর, উত্তম কুমার দাস, শরীফ মোহাম্মদ সাঈদ, সালওয়া তাহসীন অধরা, তাসফিয়া ইসলাম প্রমি ও সুতপা রায়ের কন্যা অনুস্কা সেন। এ পর্বে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান নজরুল গবেষক ও সঙ্গীতজ্ঞ মায়া রায়। তিনি বলেন, ‘তিতাসের পাড় আমার জন্মভূমি। আমাদের ছোটবেলায় আবৃত্তির আলাদা কোনো অনুষ্ঠান বা প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। সঙ্গীত, নৃত্য ও নাটকের মাঝখানে বা শেষে একটি-দুটি আবৃত্তি হয়তো হতো। এখন ব্রাহ্মণবাড়িয়ায় আবৃত্তি চর্চার জোয়ার চলছে। এ জাগরণ আমাকে আপ্লুত করে। শুধু আবৃত্তি নির্ভর এমন অনুষ্ঠান নিশ্চয়ই বিশাল অর্জন। কবিতার বোধ-চেতনা আবৃত্তিশিল্পীরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।’ তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীরের সভাপতিত্বে ও সহকারী পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নারী সংগঠক নন্দিতা গুহ, সুতপা রায়ের স্বামী দেবজ্যোতি সেন, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুর রহিম, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষক মাসুদুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আকতার, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের সদস্য সচিব হূদয় কামাল ও আবরণী আবৃত্তি চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ। সোনাগাজীতে আগুনে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত, শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় নিহত সাধারণ মানুষ, সদ্যপ্রয়াত অমর পাল ও ড. মাহবুব পিয়ালের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।