হুমায়ূন আহমেদের দুটি চলচ্চিত্র নিয়ে মতিন রহমান
প্রকাশ : ০২ মে ২০১৩, ১৯:৫৮
এ দেশের গুণী চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান সম্প্রতি আরেক বরেণ্য চিত্রনির্মাতার চলচ্চিত্র নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করেছেন। বইটির নাম ‘হুমায়ূন আহমেদ-এর শেষ ও প্রথম চলচ্চিত্র’। মতিন রহমানের লেখা এই গ্রন্থটি শুধু হুমায়ূন ভক্তদের জন্যই নয়, সমস্ত চলচ্চিত্রপ্রেমীদের জন্যই একটি সংগ্রহে রাখার মতো একটি গ্রন্থ। বইটির ভূমিকায় গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর লিখেছেন, ‘হুমায়ূন আহমেদের শেষ ও প্রথম চলচ্চিত্র’ নামের এই বইটি আসলে একটি দায়বদ্ধতা থেকে লেখা। মতিন রহমান নিজে একজন বিশিষ্ট নির্মাতা। তিনি দায়বদ্ধতার তাগিদ থেকে আরেক নির্মাতার ওপর বই লিখেছেন—যা অনন্য দৃষ্টান্ত। আমি মনে করি সুস্থ চলচ্চিত্র নির্মাণের স্বপ্নে যারা এগিয়ে যাচ্ছেন, আগামীর পথে তাদের জন্য এই বইটি সহায়ক ভূমিকা রাখবে।’
বইটি প্রসঙ্গে লেখক মতিন রহমান বলেন, ‘এই বইটি কেন লেখা? কতটা প্রয়োজন ছিল? বইতে এমন কি সিনেমার তত্ত্বসূত্রের ব্যাখ্যা আছে, যা ছিল অনাবিষ্কৃত? তেমন কিছু নয়। তবে চলচ্চিত্র দেখতে দেখতে লেখা শেখা। নিজে চলচ্চিত্রনির্মাতা হয়ে অন্যের নির্মিত চলচ্চিত্র নিয়ে লেখা মোটেই সহজ ক্রিয়াকর্ম নয়। সমালোচকের চোখে অন্যের চলচ্চিত্রের অনেক ত্রুটিবিচ্যুতি ধরা পড়তে পারে। কিন্তু একজন নির্মাতা লেখক হলে সেই ত্রটিকে নিজেদেরই সীমাবদ্ধতা মনে করে কলম থামিয়ে রাখবেন। ‘ফেলো ফিলিংস’ বলা যেতে পারে।’
ছবিটির নান্দনিদ প্রচ্ছদ করেছেন শুভব্রত সরকার। তবে বইয়ের প্রচ্ছদে মূল লেখক হিসেবে মতিন রহমানের নাম না দিয়ে প্রকাশক একরকম হীনম্মন্যতার পরিচয় দিয়েছেন। একই সাথে এই বিষয়টিতে পাঠকদেরও কিছুটা প্রতারণা করা হয়। এত সুন্দর উদ্যোগে প্রকাশক এটুকু না করলেও পারতেন।