সত্যজিত্ রায়ের জন্মদিনে গুগলের উপহার
প্রকাশ : ০২ মে ২০১৩, ১৯:৫৯
বিখ্যাত চলচ্চিত্রকার ও লেখক সত্যজিত্ রায়ের ৯২তম জন্মদিন ছিল গতকাল। গুণী এই ব্যক্তির জন্মদিন উপলক্ষে গুগল ইন্ডিয়া (গুগল.ইন) তাকে সম্মাননা জানিয়েছে একটি ডুডলের মাধ্যমে। ডুডলটি আঁকা হয়েছে সত্যজিত্ রায়ের প্রথম ছবি ‘পথের প্যাঁচালি’র একটি স্মরণীয় দৃশ্যকে অনুকরণ করেই। যেখানে অপু ও দূর্গা কাশফুলের মাঠ দিয়ে দৌড়ে যাচ্ছে, কোনো এক সুখময় বার্তা বহন করছে তারা, বাংলার শরত্ ঋতুকে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। গুগলের ভারতীয় বাজারজাতকরণ পরিচালক সন্দ্বীপ মেনন বলেন, ‘শুধু ডুডলেই নয়, গুগলের হোম পেজও আজ সাজানো হয়েছে সত্যজিত্ রায়কে নিয়েই। সত্যজিত রায়ের বই, চলচ্চিত্র এবং তার তৈরি ফেলুদার মতো বিখ্যাত চরিত্রগুলোর বিবরণও রয়েছে। তার জন্মদিনটির দিনে যেকোনো ভিজিটর খুব সহজেই এই তথ্যগুলো পেতে পারবে।’ তিনি আরও জানিয়েছেন, এটি গুগলের পক্ষ থেকে সত্যজিত্ রায়ের জন্য ছোট্ট একটি উপহার।