১২ দিন পর শেয়ারবাজার ঊর্ধ্বমুখী
প্রকাশ : ০২ মে ২০১৩, ২০:০৭
টানা ১২ কার্যদিবস দর পতনের পর গতকাল বৃহস্পতিবার শেয়ারবাজারের সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সঙ্গে বেড়েছে লেনদেনও। তবে লেনদেন দুইশ’ কোটির ঘর পেরুতে পারেনি। এদিকে কয়েকটি কোম্পানির লভ্যাংশ ঘোষণার পাশাপাশি রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা সৃষ্টি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিনিয়োগকারীদের আস্থার অভাব দূর করা প্রয়োজন। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে কোম্পানির লেনদেন বেড়েছে। এর মধ্যে গোল্ডেন সনের দর বেড়েছে ৭ দশমিক ৩৫ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট ৪ দশমিক ৭২ শতাংশ, এসিআই ৪ দশমিক ১০ শতাংশ এবং আরএন স্পিনিং মিল ৪ দশমিক ৪৮ শতাংশ। আর খাত ভিত্তিতে দর বৃদ্ধির শীর্ষে ছিল পোশাক খাত। এরপর রয়েছে সিরামিক এবং টেলিকমিউনিকেশন খাত। লেনদেন বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল ব্যাংকিং খাত। এরপর রয়েছে পোশাক খাত এবং ফার্মাসিউটিক্যালস।
ডিএসই’র (ঢাকা স্টক এক্সচেঞ্জ) তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪৬৮ পয়েন্টে দাঁড়িয়েছ। সাধারণ মূল্যসূচক বেড়েছে ৩৬ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭১ কোটি ১২ লাখ ১২ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৩৫ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৭২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২০৪টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।
ডিএসই’র তথ্যে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল, গোল্ডেন সন, এসিআই, মুন্নু স্টাফলার, ন্যাশনাল ব্যাংক, ইনটেক অনলাইন ও উত্তরা ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ইউনিক হোটেল ২৫ শতাংশ নগদ, রিপাবলিক ইন্সুরেন্স ১২ শতাংশ শেয়ার, গোল্ডেন সন ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার এবং এসিআই ৮০ শতাংশ নগদ ও ২০ শতাংশ শেয়ার দেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া মুন্নু স্টাফলার ১০ শতাংশ নগদ এবং ন্যাশনাল ব্যাংক ৬ শতাংশ নগদ, ইনটেক অনলাইন ১০ শতাংশ বোনাস শেয়ার এবং উত্তরা ব্যাংক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সুপারিশ করেছে।