বিশেষ এফসি একাউন্ট মনিটরিংয়ে
সফটওয়্যার চালু
প্রকাশ : ০২ মে ২০১৩, ২০:০৯
বৈদেশিক মুদ্রা হিসাবগুলো দৈনন্দিন ভিত্তিতে মনিটরিং করতে নতুন সফটওয়্যার চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এজন্য আগামী রবিবার থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনে তফসীলি ব্যাংকগুলোর অনুমোদিত শাখা গুলোকে দৈনন্দিন ভিত্তিতে লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সকল তফসীলি ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের (এফইপিডি) অনুমোদিত বৈদেশিক মুদ্রা হিসাবসমূহের তথ্যাবলী দৈনন্দিন ভিত্তিতে দিতে হবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের ‘স্পেশাল ফরেন কারেন্সী একাউন্ট মনিটরিং সিস্টেম’ (এসএফসিএমএস) সফটওয়্যারের মাধ্যমে এ তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য এডি শাখাগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের এফইপিডি থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড নেয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে বৈদেশিক মুদ্রা হিসাবসমূহের লেনদেনের বিবরণী যথারীতি ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টে জমা দিতে হবে।
প্রসঙ্গত, দেশে কার্যরত তফসীলি ব্যাংকসমূহের বৈদেশিক মুদ্রা লেনদেনের এডি শাখাগুলোকে বৈদেশিক মুদ্রা হিসাব খোলার সাধারণ নিয়ম রয়েছে। তবে বিশেষ প্রয়োজনে এ নিদের্শনা ছাড়াও শর্তসাপেক্ষে বৈদেশিক মুদ্রা হিসাব খোলার জন্য এডি শাখাগুলোকে অনুমোদন দেয় এফইপিডি।